ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীরা দাবি তুললেও ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সময়সীমা না বাড়াতে আগের অবস্থানেই আছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, " ৩০ সেপ্টেম্বর মানে ৩০ সেপ্টেম্বর।"
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী জমা দিতে পারেন। তবে প্রতিবছরই সেপ্টেম্বর মাসের একেবারে শেষ সময়ে ওই সময়সীমা বাড়ানো হয়। গতবছরও এক মাস সময় বাড়ানো হয়েছিলো।
এবার রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণ দেখিয়ে বিবরণী জমার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বাড়ানোর দাবি জানায়।
এনবিআর সভাকক্ষে সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন বলেন, "অনেক আগে থেকেই মিডিয়ায় প্রচার হচ্ছে ৩০ সেপ্টেম্বর শেষ সময়। অর্থমন্ত্রীও এর আগে বলেছেন, সময় বাড়ানো হবে না। তাছাড়া আইনেই রয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
সঠিক সময়ে কর দেওয়ার সংস্কৃতি চালু করতে সময় না বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, "কারো অসুবিধা হলে সময় বাড়ানোর সুযোগ তো রয়েছেই। কেউ যদি নির্দিষ্ট সময়ে কর দিতে না পারেন, তাহলে আবেদন করে সময় বাড়িয়ে নিতে পারেন।"
এনবিআরের নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেউ কর দিতে না চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উপযুক্ত কারণসহ আবেদন করে সময় বাড়িয়ে নিতে হবে।
গত ১৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়কর দিবসের অনুষ্ঠানে বলেন, "আমি ঘোষণা দিতে চাই- চিরদিনের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।"
এনবিআর কর্মকর্তারা জানান, গত অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার রিটার্ন জমা পড়েছিলো। আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ২১ হাজার ৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চলতি অর্থবছরে করদাতার সংখ্যা ১০ লাখের কাছাকাছি হবে হবে বলে এনবিআর কর্মকর্তারা আশা করছেন।
রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) বশির উদ্দিন আহমদ বলেন, রিটার্ন দাখিলের শেষ সপ্তাহে ৭০ শতাংশ রিটার্ন জমা পড়ে।
রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, "যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো বিষয়টি বিবেচনা করতেই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩১০ ঘ.
bdnews24