২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ মার্কেট থেকে চুরি যাওয়া ৭০ ভরি স্বর্ণ উদ্ধার

রাজধানীর নিউ মার্কেটে একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া মালামাল ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউ মার্কেটে একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া মালামাল ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ১৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নিউ মার্কেটের ১০৫ নম্বর দোকান হাসি জুয়েলার্সের কর্মচারি পান্না খান (২৫) ও তার ভায়রা ভাই মো. ফজলুল হক (৪৫)। মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ সেপ্টেম্বর পান্না খানকে দিনাজপুর থেকে গ্রেপ্তার কর হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী চুরি যাওয়া স্বর্ণ ও টাকা সোমবার ভোরে কামরাঙ্গীর চর এলাকার মধ্যরসুলপুরে ফজলুল হকের বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, স্বর্ণ বিক্রির কিছু টাকা দিয়ে একটি জমির বায়না করেছে বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। গত ২১ অগাস্ট হাসি জুয়েলার্স থেকে ২৫০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা চুরি করে গ্রেপ্তারকৃতরা। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, এরা একটি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে যারা চোরাই স্বর্ণ কেনা-বেচা করে থাকে। আমরা চক্রটি খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/কেএমএস/১৩৪০ ঘ.