ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অনুপাতে শিল্প প্রতিষ্ঠানের জন্য কর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি আশা করছেন, এতে দূষণ অনেকটা কমে আসবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ কমাতে সরকার দূষণ অনুপাতে কর আরোপের চিন্তা করছে। এ জন্য কর ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
"পৃথিবীর অনেক দেশেই দূষণকারীদের দূষণের ওপর ট্যাক্স বা কর আরোপের বিধান রয়েছে। ওইসব দেশে যে যত দূষণ করবে, তার তত বেশি কর দেওয়ার নিয়ম রয়েছে। আমরাও তা চালু করার চিন্তা-ভাবনা করছি। 'পলিউটার্স ট্যাক্স' চালু হলে দূষণ কমে আসবে", বলেন তিনি।
এনজিও ফোরাম এবং বিসিএএস'র যৌথ আয়োজনে 'পানি দূষণের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব' শীর্ষক ওই সভায় প্রধান অতিথি ছিলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, সরকার পরিবেশসম্মত শিল্পের বিকাশ চায়। অপরিকল্পিত শিল্পের বিকাশ চায় না। দেশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জাহাজ ভাঙা শিল্প আমাদের তেমন উপকারে আসছে না। তাই এ শিল্পকে পরিকল্পিত ও পরিবেশ সম্মতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
নদীর প্রস্থ কমিয়ে গভীরতা বাড়িয়ে ভূমির পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এছাড়া নদীবাহিত পলি দিয়ে সাগর উপকূলে ভূমির পরিমাণ বাড়াতে একটি প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।
হাছান বলেন, প্রাথমিকভাবে নোয়াখালীর সূবর্ণচর এলাকায় ৬০০ বর্গকিলোমিটার ভূমি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য ৩৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি ওপরও জোর দেন তিনি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচারক ড. আতিক রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান, ডেনমার্ক দূতাবাসের উপ-প্রধান ইয়ান মোলার হ্যানসেন, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ, বুয়েটের শিক্ষক মজিবুর রহমান ও ফিরোজ আহমেদ এবং এনজিও ফোরামের তথ্য বিভাগের প্রধান জোসেফ হালদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২৫ ঘ.
bdnews24