২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের শেয়ার দ্রুত বাজারে আনার তাগিদ

রাষ্ট্রায়ত্ত্ব ২৬ প্রতিষ্ঠানের শেয়ার যথসম্ভব দ্রুত পুঁজিবাজারে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 04:27 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত্ব ২৬ প্রতিষ্ঠানের শেয়ার যথসম্ভব দ্রুত পুঁজিবাজারে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি এএইচএম মোস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। কমিটির বৈঠকে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ প্রতিষ্ঠানের শেয়ার অবিলম্বে পুঁজিবাজারে ছাড়ার তাগিদ দেয়া হয়। বৈঠক শেষে মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "অর্থমন্ত্রী বলেছিলেন জুন মাসের (চলতি বছর) মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে। কিন্তু তা হয়নি।" তিনি বলেন, "পর্যাপ্ত শেয়ার সরবরাহের অভাবে কিছু প্রতিষ্ঠানের শেয়ার অতিমূল্যায়িত হয়েছে। এর চেয়ে পুঁজিবাজারে শেয়ার সরবরাহের পরিমাণ বাড়ানো ভালো।" সংসদীয় কমিটি বর্তমান বাজার পরিস্থিতিকে 'সন্তোষজনক' উল্লেখ করেছে বলেও জানান কমিটির সভাপতি। তিনি জানান, জনগণকে পুঁজিবাজার সম্পর্কে দ্রুত জানাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) একটি আলাদা শাখা সৃষ্টি করা উচিত বলেও পরামর্শ দিয়েছে স্থায়ী কমিটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশারফ হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, লিস্টেড কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান সালমান এফ রহমান, এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/পিডি/২২২০ ঘ.