২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের বহরে আরো ৪টি বিমান

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ একটি এয়ারবাস ও আরো তিনটি এটিআর বিমান কিনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ একটি এয়ারবাস ও আরো তিনটি এটিআর বিমান কিনেছে। ইউনাইটেড এয়ারওয়েজের পুঁজিবাজার বিষয়ক উপ ব্যবস্থাপক অলিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ইতিমধ্যেই দুটি বিমানের ডাউন পেমেন্ট পরিশোধ করেছি। এগুলোর মধ্যে প্রথম দুটি বিমান এক মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাবে।" তিনি আরো বলেন, "অন্য দুটি বিমানের ব্যাপারেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুক শিগগিরই সেগুলো আমাদের বিমান বহরে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।" ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, এসব বিমান কেনার জন্য ইউনাইটেড এয়ারওয়েজকে খরচ করতে হচ্ছে প্রায় ১৪৬ দশমিক ৬৬ কোটি টাকা। নতুন বিমানগুলো দিয়ে নিজেদের সেবার আওতা বাড়ানোসহ আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। গত ৮ জুলাই পর্যটন ও বিনোদন খাতে একমাত্র তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে নাম লেখায় ইউনাইটেড এয়ারওয়েজ। সর্বশেষ আর্থিক বিবরণ অনুযায়ী, 'এন' ক্যাটাগরিতে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির বর্তমান প্রাইস আর্নিং অনুপাত ২১০ দশমিক ১৮ এবং লাভের পরিমাণ ৪ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। অলিউর রহমান বলেন, "বিমান ক্রয় আমাদের মূলধনের পরিমাণ দ্বিগুণ করবে, ফলে আমাদের সেবার ওপর তা নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কিউএইচ/এমআই/১৬৫৫ ঘ.