ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতের দোকানগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্ররা।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিন থেকে চারশ' ছাত্র হাসপাতালের সামনে হামলা শুরু করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি জানান, জরুরি বিভাগের সামনের রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্ররা।
রড ও লাঠি দিয়ে তারা অন্তত ৪০টি দোকান ভাংচুর করে। এছাড়া ২৫টির মতো দোকান তারা জ্বালিয়ে দেয়।
রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নুরুল ইসলাম রাত সোয়া ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্রদের হলে ফেরৎ পাঠানো হয়েছে।
তিনি জানান, বিকালে শহীদুল্লাহ হল থেকে কয়েকজন ছাত্র জরুরি বিভাগের সামনে ওষুধ কিনতে যায়। এ সময় দোকান কর্মচারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটির জেরে হামলার সূত্রপাত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল্লাহ হল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মধ্যে কলহের জেরে এ ঘটনার সূত্রপাত হয়। পরে তা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে।
ঢাকা মেডিকেলের সামনে অস্থায়ী দোকান বসানো ও চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় দোকান কর্মচারীদের হামলায় এক ছাত্র আহত হয়েছে। হলের ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্ররা হামলায় অংশ নেয় বলে তিনি জানান।
তবে কি কারণে এ হামলা চালানো হয়েছে তা তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার সৈয়দ হোসেন খান জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে সাতটি দোকান ও ছয়টি ভ্যান পুড়ে গেছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা মেডিকেলের সামনে পিঠা বিক্রেতা মো. ইকবাল জানান, হলের ছাত্ররা হঠাৎ করে হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা দোকানগুলোতে আগুন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫১ ঘ.
bdnews24