ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক আগামী চার বছরে বাংলাদেশকে ৬১০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ ৪২ হাজার ৭০০ কোটি টাকা (১ ডলার=৭০ টাকা) সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। এটি হবে বাংলাদেশকে দেওয়া বিশ্বব্যাংকের সর্বোচ্চ আর্থিক সহায়তা।
বুধবার রাজধানীর একটি হোটেলে ২০১১-২০১৪ অর্থবছরে বাংলাদেশের জন্য সহায়তা কৌশলপত্র প্রকাশ করা হয়। এতে ওই অর্থ সহায়তার প্রস্তাব করা হয়েছে।
কৌশলপত্রে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়- দ্রুত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিনিয়োগ বাড়ানো, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, সামাজিক সেবা সরবারাহ উন্নয়ন ও জবাবদিহিতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিকরণ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচিকে বিবেচনায় রেখে এ কৌশলপত্র প্রণীত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
তিনি আরো বলেন, "আমরা বিশেষ করে আনন্দিত যে বিশ্বব্যাংক সরকারের উচ্চ অগ্রাধিকারমূলক প্রকল্প যেমন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিচ্ছে।"
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহয়তা কৌশলপত্র (সিএএস) দ্রুত, টেকসই, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও শক্তিশালী সুশাসন প্রতিষ্ঠায় সহায়তার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে অবদান রাখবে।
এই কৌশলপত্রে দেশের বিদ্যুৎ খাতে প্রায় ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা চলমান বিভিন্ন প্রকল্পে দেওয়া ৮০ কোটি ডলারের অতিরিক্ত।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন বলেন, "আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24