ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে "থাইল্যান্ড ফেয়ার বাংলাদেশ ২০১০"। তিন দিন ব্যাপী এ মেলা বারিধারা থাই দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোয়েন মঙ্গলবার থাই দূতাবাস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
থাই রাষ্ট্রদূত বলেন, কোন রকম প্রবেশ মূল্য ছাড়াই সবাই এ মেলায় প্রবেশ করতে পারবেন। ৬টি জোন নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, থাই খাবার, কেনাকাটা ও বিনোদন জোনে প্রায় ৪৪টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় আগতদের মধ্যে থেকে র্যাফেল ড্রর মাধ্যমে বিনামূল্যে ট্যুরিষ্ট ও মেডিকেল ভিসা, ফ্রি বিমান টিকেট ইত্যাদি দেয়া হবে বলে রাষ্ট্রদূত জানান।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
এক প্রশ্নের জবাবে থাই রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে। থাই বিনিয়োগকারীরা খাদ্য, পোলট্রি ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করছে। তবে গ্যাস সংযোগ না পাওয়ায় তা শুরু করতে পারছে না। এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে।"
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় বলে তিনি জানান।
আগামী ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবেন। সোনারগাঁও হোটেলে দুই দিন ব্যাপী বৈঠকে ব্যবসায়ীরা প্রত্যেকে প্রত্যেকের সাথে বৈঠক করতে পারবেন বলে তিনি জানান।
এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে থাই ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব দিতে পারে বলে তিনি আশা পোষণ করেন।
আগামী ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায় দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩৪৫ ঘ.
bdnews24