২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেজিডিসিএলের আনুষ্ঠানিক যাত্রা বুধবার

চট্টগ্রামের জন্য গঠিত পৃথক গ্যাস প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 08:08 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জন্য গঠিত পৃথক গ্যাস প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই পাঁচ জেলায় গ্যাস সরবরাহ করবে নবগঠিত এই কোম্পানি। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরকালে কেজিডিসিএলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। চট্টগ্রামের জন্য পৃথক গ্যাস প্রতিষ্ঠান হওয়ায় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৮ সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শিল্পখাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ। ফলে গ্যাস ভিত্তিক বিনিয়োগও বন্ধ।" নতুন কোম্পানি গঠিত হওয়ায় চট্টগ্রাম গ্যাসের ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এখনো কেজিডিসিএলের সম্পদ ও দেনা নির্ধারণ (এসেট এন্ড লায়াবেলিটিস এসেসমেন্ট) হয়নি। ২০১০ সালের ১০ এপ্রিল পর্যন্ত বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) চট্টগ্রামে গ্যাস সরবরাহ করে। ১১ এপ্রিল থেকে কাজ শুরু করে কেজিডিসিএল। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও কোম্পানির দক্ষতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি।" চট্টগ্রামে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে কোম্পানি বাস্তবায়ন হয়েছে। দুই মাসের মধ্যে সম্পদ ও দেনা নির্ধারণের কাজ শেষ হবে।" কেজিডিসিএল কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চট্টগ্রামে সরকারি-বেসরকারি সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক মিলিয়ে মোট গ্যাসের চাহিদা ৩৬৪ মিলিয়ন ঘনফুট (এমসিএফ)। বর্তমানে পেট্রোবাংলা থেকে গ্যাস সরবরাহ করা হয় ২২৫ এমসিএফ। সানোয়ার হোসেন চৌধুরী বলেন, "কেজিডিসিএল গঠনের আগে ২০০ এমসিএফ গ্যাস সরবরাহ করা হতো। অথচ বিজিএসএলের রাজস্ব আয়ের ৯০ শতাংশ আসত চট্টগ্রাম অঞ্চল থেকে।" চট্টগ্রামে গ্যাসের মোট চাহিদার বিষয়ে ভিন্নমত পোষণ করে ব্যবসায়ী নেতা এমএ সালাম বলেন, "বর্তমানে প্রকৃত চাহিদা ৪৫০ এমসিএফ। যে পরিমাণ আবেদন জমা আছে তা মূল্যায়ন করলেই এটা বোঝা যাবে।" উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রামে সব ধরণের আবাসিক ও অনাবাসিক নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ রয়েছে। বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে গ্যাস সংযোগের জন্য বিনিয়োগকারীদেরকে কুমিল্লায় বাখরাবাদ কার্যালয়ে ছুটতে হতো। নতুন কোম্পানি গঠিত হওয়ায় আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পাব বলে আশা করি।" এই কোম্পানিকে সরকার সবরকম সহযোগিতা করলে চট্টগ্রামে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ নভেম্বর কেজিডিসিএল গঠনে সরকারি গেজেট প্রকাশিত হয়। ২০০৯ সালের ১৫ নভেম্বর কেজিডিসিএলের সমন্বয়ক পদে যোগ দেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী। ২০১০ সালের ১১ এপ্রিল পেট্রোবাংলার দুটি পৃথক আদেশে নগরীর ষোলশহরে বিজিএসএলের ভবন, প্রেষণে ৪৬৭ জন কর্মকর্তা-কর্মচারী ও ২৯ টি যানবাহন কেজিডিসিএলকে প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৩৩৪ ঘ.