ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব শেয়ারের প্রাইস আর্নিং (পিই) অনুপাত ৪০ পয়েন্টের বেশি (নন মার্জিনেবল) সেসব সিকিউরিটির নেটিং সুবিধা বাতিল করেছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির এ সিদ্ধান্তের ফলে এখন থেকে এ ধরনের শেয়ার বিক্রির আগে বিনিয়োগকারীদের তিন দিন অপেক্ষা করতে হবে।
রোববার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "ঈদ-উল-ফিতরের পর প্রথম কার্যদিবস থেকে এ নির্দেশ কার্যকর হবে।"
মার্জিন লোন হিসাবের নতুন পদ্ধতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ডিএসইকে প্রতি সপ্তাহে প্রত্যেক শেয়ারের মার্জিন লোনের তালিকা প্রকাশ করতে হবে।
আনোয়ারুল কবির বলেন, "প্রত্যেক বৃহস্পতিবার প্রতিটি শেয়ারের বিপরীতে মার্জিন লোনের তালিকা প্রকাশ করবে ডিএসই। সিএসই ও মার্চেন্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মানতে বলা হয়েছে।"
ঈদ-উল-ফিতরের পর প্রথম বৃহস্পতিবার থেকেই তা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তিনি জানান, এসইসি আগের মতোই ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্জিন লোনের হিসাব ও যাবতীয় ঋণ হিসাবের সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন করবে।
গত ২৪ অগাস্ট মার্জিন লোনকে নতুন করে নির্ধারিত করে সুনির্দিষ্ট কিছু নিয়ম ও রূপরেখা প্রণয়ন করে এসইসি।
একজন বিনিয়োগকারীর শেয়ারের বিপরীতে ব্যাংক ও ব্রোকারেজ হাউজ যে ঋণ দেয় তাই মার্জিন লোন।
নতুন নিয়ম অনুযায়ী শেয়ারের বাজার মূল্য ও শেয়ার প্রতি কোম্পানির সম্পদের মোট পরিমাণের গড় করে মার্জিন লোনের হিসাব করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২০৩১ ঘ.
bdnews24