২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পিএসসি চুক্তি না করার দাবি

তেল, গ্যাস, কয়লাসহ যাবতীয় খনিজ উত্তোলনে নতুন বিদেশি কোম্পানির সঙ্গে পিএসসি চুক্তি না করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল, গ্যাস, কয়লাসহ যাবতীয় খনিজ উত্তোলনে নতুন বিদেশি কোম্পানির সঙ্গে পিএসসি চুক্তি না করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনসটিটিউশন মিলনায়তনে কমিটির এক আলোচনা সভায় নেতারা এই দাবি জানান। সভায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা, শতভাগ দেশীয় মালিকানা প্রতিষ্ঠা, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন করা এবং পেট্রোবাংলা ও বাপেক্সের সক্ষমতা বৃদ্ধিসহ সাত দফা দাবি জানানো হয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ দাবি আদায়ে আগামী ২৪-৩০ অক্টোবর ফুলবাড়ী থেকে বড়পুকুরিয়া অভিমুখে লংমার্চ সফল করার আহবান জানান। তিনি বলেন, "নতুন কোনো উৎপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) নয়। তবে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত দরপত্রের মাধ্যমে সাময়িকভাবে বিদেশি কোম্পানিকে দিয়ে খনিজ সম্পদ উত্তোলন করা যেতে পারে।" অ্যাডভোকেট জানে আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সমন্বয়ক জোনায়েদ সাকী, চট্টগ্রাম শাখার সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/জেবি/পিডি/২১২৮ ঘ.