সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে সিরাজগঞ্জে পরিবহণ মালিক সমিতির মদদে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।
চাঁদাবাজদের হাতে দুই শ্রমিক নেতা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শনিবার জেলায় তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় গাড়ি চলাচল শুরু হলেও শ্রমিক নেতারা চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
তবে মালিক সমিতির নেতারা দাবি করেছেন, চাঁদাবাজরা শ্রমিক সংগঠনের সঙ্গেই যুক্ত।
শ্রমিকরা বলছে, চাঁদাবাজির প্রতিবাদ করায় সকালে মালিক সমিতির কার্যালয়ে লাঞ্ছিত হন মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মো. আনসার আলী।
এরপর সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে যাত্রীদের ভোগান্তি দেখা দিলে পুলিশ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে।
জেলা বাস টার্মিনালে ওই বৈঠকে সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়া, সদর ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ নাসির, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ অন্য নেতারা অংশ নেন। স্থানীয় সাংবাদিকরাও বৈঠকস্থলে ছিলেন।
সভায় শ্রমিক নেতারা বলেন, বাস-মালিক সমিতির মদদে এক দল চাঁদাবাজ ঈদকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজি শুরু করছে। এই বিষয়ে অভিযোগ করতে গেলে মালিকদের ইঙ্গিতে শ্রমিক নেতাদের লাঞ্ছিত করা হয়।
শ্রমিক নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানালে পুলিশ তাতে সম্মত হয়। এরপর ২টা থেকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
ওসি ওয়ারেছ মিয়া সাংবাদিকদের বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই চাঁদাবাজদের গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ে চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আল-মাজী মোহাম্মদ আল জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিক নেতারা যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে, তারা মূলত তাদের সংগঠনেরই কার্ডধারী শ্রমিক। এসব চাঁদাবাজ শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলোরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24