২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাভুক্তি ফি দিতে ব্যর্থ ৯ কোম্পানিকে ডিএসই'র চিঠি

তালিকাভুক্তি ফি দিতে ব্যর্থ হওয়ায় ৯ টি কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:49 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্তি ফি দিতে ব্যর্থ হওয়ায় ৯ টি কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল, সমতা লেদার, লিগাসি ফুটওয়্যার, ফেডারেল ইন্সুরেন্স লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, কাসেম সিল্ক, থিরাপিউটিকস, বিডি ওয়েলডিং ও চিটাগাং ভেজিটেবল। এই কোম্পানিগুলোর কাছে ডিএসই'র মোট পাওনার পরিমাণ ১৪ লাখ টাকার বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রাপ্ত এ সংক্রান্ত কাগজপত্র থেকে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে বলা হয়, তালিকাভুক্তি বিধি অনুযায়ী, কোনো কোম্পানি পরপর দুই বছরের তালিকাভুক্তি ফি জমা দিতে ব্যর্থ হলে, ডিএসই ওই কোম্পানির শেয়ার লেনদেন কার্যক্রম বন্ধ বা তালিকাচ্যুত করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ডিএসই'র একজন কর্মকর্তা এই ৯ কোম্পানিকে চিঠি পাঠানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। চিটাগাং ভেজিটেবল গত সাত বছর ধরে ফি পরিশোধ করেনি। বিডি ওয়েলডিং ছয় বছর, থিরাপিউটিকস ও কাসেম সিল্ক পাঁচ বছর, ফাইন ফুডস লিমিটেড চার বছর এবং আলহাজ্ব টেক্সটাইল, সমতা লেদার, লিগাসি ফুটওয়্যার ও ফেডারেল ইন্সুরেন্স লিমিটেড দুই বছর ধরে ফি পরিশোধ করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএইচএন/এএনএস/এইচএ/২৩২০ঘ.