ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে সরকার।
আলোকসজ্জা বন্ধ ছাড়াও দোকান, বিপণি বিতান ও শপিং মলে বিদ্যুতের ব্যবহার কমানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা জানান।
তিনি বলেন, "রমজান মাসে গ্যাস-নির্ভর নয় এমন কেন্দ্র থেকে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ সময় গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দৈনিক ৮৮০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।"
রমজানে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য সর্বোচ্চ পরিমান গ্যাস সরবরাহ, গ্যাস-নির্ভর নয় এমন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের বিতরণ ব্যবস্থাপনা এবং পরিমিত ব্যবহারের কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।
জ্বালানী উপদেষ্টা আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সর্বোত্তম ব্যবহার, গৃহস্থালি কাজে পর্যাপ্ত গ্যাস সরবরাহ, ইফতার ও সেহ্রির সময় বিদ্যুতের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
রমজানে গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে অপচয় রোধ করে সাশ্রয়ী হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "জনগণের কষ্ট লাঘবে রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার তদারকি জোরদার করা হবে।"
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এসএএ/১৯২৬ঘ.
bdnews24