২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভ: সাভারে ১২ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ত্রিপক্ষীয় বৈঠকে নতুন ঘোষিত মজুরি কাঠামো নেতারা মেনে নেওয়ার পরও সোমবার সকালে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে সাভারে ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

সাভার, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপক্ষীয় বৈঠকে নতুন ঘোষিত মজুরি কাঠামো নেতারা মেনে নেওয়ার পরও সোমবার সকালে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে সাভারে ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাভারের উলাইল এবং আশুলিয়ার জিরাবো এলাকায় ন্যূনতম মজুরি তিন হাজার টাকা প্রত্যাখ্যান করে এ বিক্ষোভ হয়। তবে টানা দুদিন আশুলিয়ার জামগড়ায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ হলেও সোমবার সকালে বিক্ষাভ হয়নি। সেখানে সব কারখানায় স্বাভাবিক কাজ চলার খবর পাওয়া গেছে। রোববার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে মালিক প্রতিনিধি ও শ্রমিকদের ৪২টি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেন। এতে মালিক ও শ্রমিক উপভয়পক্ষই ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান মন্ত্রী। পুলিশ জানিয়েছে, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সোমবার সকালে কাজে যোগ না দিয়ে আশুলিয়ার জিরাবো এলাকার আইরিশ ফ্যাশান কারখানার ৩-৪ হাজার শ্রমিক ৯টার দিকে কারখানার বাইরে অবস্থান নেয়। সাড়ে ৯টার দিকে তারা পাশের অরনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড এর কারখানায় বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কারখানার প্রধান ফটকের সামনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তখন আতঙ্কে এ দুটিসহ আশপাশের ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। রাইজিং গ্র"পের প্রতিষ্ঠান অরনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কারখানার সব শ্রমিক সকালে কাজে যোগ দেয়। সাড়ে ৯টার দিকে আমাদের কারখানায় হামলা চালায় বহিরাগতরা। তারপর আমরা ছুটি ঘোষণা করি।" ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জিরাবো এলাকার ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। অন্যগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও টহল দিচ্ছে। ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে দুপুর ১২টার দিকে আইরিশ কারখানার সামনে থেকে পাঁচ শ্রমিককে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার কারখানা খোলার আগেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ আরো জানিয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের উলাইল বাসস্টান্ডের কাছে অবস্থিত প্রাইড গ্র"পের প্রতিষ্ঠান এইচ আর টেক্সটাইলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সকাল ৯টা থেকে মহসড়কের পাশে অবস্থান নেয়। এ সময় তারা মহসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এক পর্যায়ে সোয়া ১০টার দিকে তারা পার্শ্ববর্তী দোয়েল গ্র"প অব ইন্ডাট্র্রিজের একটি কারখানায় বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সাভার থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার পর কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চলে যায়। তবে কারখানা দুটির সামনে পর্যাপ্ত পুলিশ রয়েছে। ওদিকে জামগড়ায় রোববারের ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে ৭০০ শ্রমিককে আসামি করে মামলা করেছেন। মামলায় শ্রমিকদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রোববার রাতের ত্রিপক্ষীয় বৈঠকে ঢাকা, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ নিরসনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ কমিটি প্রয়োজনে তিনটি উপ-কমিটি গঠন করবে। এছাড়া সোমবার থেকে সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। গত বৃহস্পতিবার তিন হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। এই ন্যূনতম মজুরি নভেম্বর থেকে কার্যকরের ঘোষণাও দেওয়া হয়। তবে এ কাঠামো প্রত্যাখ্যান করে পরদিন শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাংচুর চালায়। বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৮ ঘ.