ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো মেনে নিয়েছেন পোশাক শ্রমিক নেতারা।
রোববার রাতে বিজিএমইএ ভবনে এক জরুরি ত্রিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। এতে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা জানান।
বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমমন্ত্রীর সঙ্গে মালিক প্রতিনিধি ও শ্রমিকদের ৪২টি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেন। এতে মালিক ও শ্রমিক উপভয়পক্ষই ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান মন্ত্রী।
বৈঠকে ঢাকা, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ নিরসনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ কমিটি প্রয়োজনে তিনটি উপ-কমিটি গঠন করবে।
এছাড়া সোমবার থেকে সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে।
খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, পোশাক শ্রমিকদের জন্য ইপিজেড এলাকায় ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত হয়। নতুন শ্রমিকরা এসব ডরমিটরিতে নয়মাস পর্যন্ত থাকার সুযোগ পাবেন।
বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, শ্রমিক নেতা আমিরুল হক আমিন, নাজমা আখতারসহ ৪২টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি।
গত বৃহস্পতিবার তিন হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা।
এই ন্যূনতম মজুরি নভেম্বর থেকে কার্যকরের ঘোষণাও দেওয়া হয়।
এই মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে পরদিন শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাংচুর চালায়। বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকরা ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরি এবং তা আগস্ট থেকে বাস্তবায়নের দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএসবি/এইচএ/২৩৪৫ ঘ.
bdnews24