ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করেছে নিুতম মজুরি বোর্ড। (আরো তথ্যসহ-১)
মঙ্গলবার বিকালে এক বৈঠকে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে এ খসড়া মজুরি প্রস্তাব শ্রমমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
আগামী বৃহস্পতিবার এ মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করা হবে। একইদিন বিকাল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের শ্রমমন্ত্রী বলেন, নিুতম মজুরি বোর্ড একটি মজুরি কাঠামোর প্রস্তাবনা চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। তবে বোর্ডের প্রস্তাবই চূড়ান্ত নয়। মন্ত্রণালয়ও এ নিয়ে কিছু কাজ করবে।
এরপরই মন্ত্রণালয় মজুরি কাঠামো চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠাবে। বৃহস্পতিবার এই মজুরি কাঠামো ঘোষণা করা হবে।
ওই সময় পর্যন্ত সবাইকে নতুন মজুরি কাঠামোর জন্য অপেক্ষা করতে হবে।
ন্যুনতম মজুরি তিন হাজার টাকার নিচে হবে কি না, এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "না। তবে সবার সঙ্গে আলোচনা করেই সরকার এটি ঘোষণা করবে।"
তবে মজুরি বোর্ডের সদস্য হাবিবুর রহমান সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিুতম মজুরি বোর্ডের সভায় সর্বসম্মতভাবে ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। শ্রমিক পক্ষ এ নতুন কাঠামো মেনে নিয়েছে। মালিকরাও এ ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছেন।
এদিকে নিুতম মজুরি বোর্ডের সভা শেষে এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং মজুরি বোর্ডে মালিকদের প্রতিনিধি সাইফুল ইসলাম মহিউদ্দিন শ্রমমন্ত্রীর কার্যালয়ে যান।
তারা ন্যূনতম মজুরি তিন হাজার টাকা মেনে নেওয়ার কথা মন্ত্রীকে জানালেও মজুরি প্রস্তাবে স্বাক্ষর এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে আরো তিন থেকে চার মাস সময় চেয়েছেন।
কারণ হিসেবে তারা ইতোমধ্যেই নেওয়া বিক্রয় প্রস্তাব পূর্বের মজুরি হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন। এ অবস্থায় নতুন মজুরি এখন থেকেই কার্যকর করা হলে ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্ত্রীকে জানান।
এ সময় মন্ত্রীর দপ্তরে উপস্থিত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক পক্ষ মজুরি নিয়ে একটি ইতিবাচক অবস্থানে এসেছে।
তবে তা বাস্তবায়ন এবং মজুরি প্রস্তাবে স্বাক্ষর করা নিয়ে মালিকরা আরো সময় চান। তা নিয়েই মন্ত্রীর সঙ্গে মালিক, শ্রমিক ও বোর্ডের প্রতিনিধিদের বৈঠক চলছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবারের আগেই তা চূড়ান্ত করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/২০৩৬ ঘ.
bdnews24