ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়ার লক্ষ্যে তৃতীয়বারের মতো মেলার আয়োজন করা হয়েছে
'ব্যাংক এণ্ড ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস ফেয়ার-২০১০' শীর্ষক এ মেলা আগামী ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে। এর আয়োজন করেছে ঢাকা শেরাটন হোটেল।
সোমবার শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হোটেলের মহা-ব্যবস্থাপক আহমদ বোখারী হামজা।
তিনি জানান, ২৯ জুলাই সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মেলার উদ্বোধন করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোটেলের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার সাহিদুস সিদ্দিকী বলেন, "এবারের মেলায় ২৬টি সরকারি-বেসরকারি ২৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানের নয়টি প্যাভিলিয়নসহ মোট ৪১টি স্টল থাকছে।"
সাহিদুস সিদ্দিকী আরো বলেন, "মেলা থেকে ব্যাংক, বীমা কোম্পানী ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম সম্পর্কে গ্রাহকরা নানা ধারণা পাবেন।"
হোটেলের পরিচালক (ক্যাটারিং) সৈয়দ আব্দুল মোয়াক্কির, সহকারী পরিচালক (বিক্রয়) রেজওয়ান মারুফ এবং কনভেনশন সার্ভিসেস ম্যানেজার মঈনউদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮০৭ ঘ.
bdnews24