২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ এ বিদেশি বিনিয়োগ কমেছে ৩৬ শতাংশ

২০০৮ এর তুলনায় ২০০৯ এ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ৩৬ শতাংশ কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২০০৮ এর তুলনায় ২০০৯ এ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ৩৬ শতাংশ কমেছে। ২০০৮ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১০৮৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৯ সালে এ বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৭০০ দশমিক ১৬ মিলিয়ন ডলারে। বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ডের এক সংবাদ সম্মেলনে এক জাতিসংঘের 'ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১০' প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম ইসমাইল হোসেন এ তথ্য উপস্থাপন করেন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ৪র্থ স্থানে রয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, বোর্ডের একক ক্ষমতার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণে মূল বাধা। গ্যাস, বিদ্যুৎ , পানি বা রাজনৈতিক অবস্থা বিনিয়োগে কোন প্রভাব ফেলে না বলে তিনি মন্তব্য করেন। তবে ২০১০ সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ গত বছর থেকে বাড়বে বলে আশা প্রকাশ করেন বিনির্য়োগ বোর্ডের চেয়ারম্যান। এদিকে ২০০৯ সালে বিনিয়োগ কমে যাবার মূল কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাব ও আভ্যন্তরীন প্রভাব হিসেবে গ্যাস বিদ্যুৎ সংকটকে চিহ্নিত করেন ড. ইসমাইল। বিনিয়োগ বোর্ডের সচিব সুলতান মাহমুদ বলেন, ২০১০ (জানুয়ারী-জুন) এ যৌথ ও বিদেশি বিনিয়োগ তুলনামূলকভাবে অনেক এগিয়ে রয়েছে। এ সময়ে মোট প্রকল্পের সংখ্যা ৯৩টি। ২৩৯১১ দশমিক ৯২২ মিলিয়ন টাকার বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ হাজারটি। ২০০৯ সালে যৌথ ও বিদেশি বিনিয়োগে প্রকল্পের সংখ্যা ছিল ১২৯টি। ৪৬৮৯৬ দশমিক ০১৫ মিলিয়ন টাকার বিনিয়োগ ও কর্মসংস্থান ছিল ৩৩ হাজার। অনুষ্ঠানে প্রাইভেটাইশন কমিশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিলসহ বিনিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জিএনএ/২০১৯ঘ.