২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম থেকে চাল আমদানির ব্যাপারে খসড়া চুক্তি

ভিয়েতনাম থেকে চাল আমদানির বিষয়ে ঐক্যমতের পর দু'দেশের কর্মকর্তা পর্যায়ে একটি খসড়া সমঝোতা চুক্তি (ড্রাফট এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভিয়েতনাম থেকে চাল আমদানির বিষয়ে ঐক্যমতের পর দু'দেশের কর্মকর্তা পর্যায়ে একটি খসড়া সমঝোতা চুক্তি (ড্রাফট এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওই দেশের মন্ত্রী পর্যায়ের একজন কর্মকর্তা চাল আমদানির চুক্তিতে সই করবেন। তবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। তবে এর আগেই খাদ্য মন্ত্রণালয় 'অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র অনুমোদন নেবে বলে জানিয়েছেন খাদ্য সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র)। বৃহস্পতিবার খাদ্য সচিব বিডি মিত্র জানান, মন্ত্রণালয়ে বৈঠকের পর বুধবার রাতেই হোটেল শেরাটনে ভিয়েতনামী প্রতিনিধি দলের সঙ্গে আবারো আলোচনায় বসে বাংলাদেশ। সেখানেই ভিয়েতনামী কর্তৃপক্ষ বাংলাদেশের শর্তের ব্যাপারে তাদের সম্মতির কথা জানায়। এরপরই দু'দেশের মধ্যে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মদ হোসেন খান এবং ভিয়েতনামের পক্ষে প্রতিনিধি দলের প্রধান ভাইস জেনারেল ডিরেক্টর চাও থি এনজোক হোয়া এতে স্বাক্ষর করেন। খাদ্য সচিবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সচিব জানান, ভিয়েতনাম কর্তৃপক্ষ চুক্তি স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে এক লাখ টন আতপ চাল পাঠাতে সম্মত হয়েছে। এরআগে তারা ঋণপত্র (এলসি) খোলার ৬০ দিনের মধ্যে তা দিতে চেয়েছিল। বুধবার রাতে শেরাটনে আলোচনায় উপস্থিত একজন কর্মকর্তা জানান, বৈঠকে দুই ধরণের চালের দুই ধরনের মূল্য নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ওই কর্মকর্তা জানান, ২৫ শতাংশ ভাঙ্গা চালের জন্য ভিয়েতনামের পক্ষ থেকে টনপ্রতি ৩৬৯ ডলার এবং ১০ শতাংশ ভাঙ্গা চালের জন্য ৩৮৯ ডলার মূল্য চাওয়া হয়েছে। চূড়ান্ত চুক্তির আগেই এ মূল্য আরো কমিয়ে আনার ব্যাপারে প্রতিনিধি দলের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০১২ঘ.