২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমিতির সিদ্ধান্ত অমান্য করে দিনাজপুরে চাল সরবরাহ

বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির ঘোষিত সিদ্ধান্ত অমান্য করে দিনাজপুরের চালকল মালিকরা সরকারি গুদামে চাল সরবরাহ অব্যাহত রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 01:42 PM

দিনাজপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির ঘোষিত সিদ্ধান্ত অমান্য করে দিনাজপুরের চালকল মালিকরা সরকারি গুদামে চাল সরবরাহ অব্যাহত রেখেছে। অভ্যন্তরীন বাজার থেকে বোরো চাল সরবরাহে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সদস্যরা সকল চালের দামে কেজি প্রতি ৩ টাকা করে প্রণোদনার দাবিতে রোববার থেকে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দিনাজপুরে চাল সরবরাহ বন্ধ নেই। চুক্তিবদ্ধ মিল মালিকদের অনেকেই রোববার গুদামে চাল সরবরাহ করছে। চুক্তিভঙ্গকারী মিল মালিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে-এ প্রশ্ন করা হলে খাদ্য নিয়ন্ত্রক জানান, এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তা প্রয়োগ করা হবে। দিনাজপুরে চাল সরবরাহ অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গুদামে চাল সরবরাহে কোন বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান মোহন পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যারা কেজি প্রতি ৩ টাকা প্রণোদনার সুযোগ পাচ্ছে মুলতঃ তারাই চাল সরবরাহ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৮ ঘ.