ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সচিবালয়ে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে তাদের এ উদ্বেগের কথা জানান।
বৈঠক প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন জানান, ইইউ প্রতিনিধিরা পোশাক খাতে অস্থিরতার বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলেছেন, ইইউ-ভূক্ত দেশগুলো বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। এ অস্থিরতার কারণে তাদের দেশের মানুষও উদ্বেগে রয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা পোশাক শিল্পে অস্থিরতা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন।
তবে বৈঠকের ব্যাপারে স্টিফেন ফ্রোয়েন কোনো মন্তব্য করেননি।
মন্ত্রী জানান, এ অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপের কথা ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
তাদের বলা হয়েছে, সরকার ইতোমধ্যেই একটি ন্যুনতম মজুরি বোর্ড গঠন করেছে। একজন বিচারকের নেতৃত্বে বোর্ড কাজ করছে। চলতি জুলাই মাসের ২৮ তারিখের মধ্যেই তারা তাদের সুপারিশ দেবে। এরপরই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে।
পোশাক খাতের শ্রমিকরা বর্তমানে মাত্র এক হাজার ৬৬২ টাকা ন্যুনতম মজুরিতে কাজ করছে। এ মজুরি ২০০৬ সালে নির্ধারিত হয়। বর্তমানে শ্রমিকরা পাঁচ হাজার টাকা ন্যুনতম মজুরির জন্য আন্দোলন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৪৩৯ ঘ.
bdnews24