২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানামা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শ্রমিক মারধর ও ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের হিলির বেসরকারি অপারেটর পানামা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 01:12 PM

দিনাজপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক মারধর ও ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের হিলির বেসরকারি অপারেটর পানামা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পানামা স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক শ্রী অনন্ত কুমার চক্রবর্তী ওরফে নেপাল জানান, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের ২৫-৩০ জন শ্রমিক পানামা বন্দরে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি ও বকেয়া পরিশোধের দাবিতে একটি মিছিল নিয়ে পোর্টের ২ ও ৩ নম্বর ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে অফিসে ভাংচুর চালায়। পণ্য বোঝাই ও খালাস কাজে নিয়োজিত শ্রমিকদের মারপিটও করে তারা। এতে মোকছেদুল ইসলাম (৩৫), এনামুল হক (৩২), আব্দুর রশিদ (৩০), আব্দুল হান্নান (৩২), মোখলেস (৩৩), আরমান আলী (৩০) ও মমিনুল হকসহ অন্তত ২০ জন শ্রমিক আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এর প্রতিবাদে পানামা স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সেখানে কর্মরত ১২টি শ্রমিক সংগঠনের নেতারা দুপুর ২টা থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও ওই কর্মকর্তা জানান। এ ঘটনার পর থেকে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা প্রায় ৫০টির মতো ট্রাক পানামা বন্দরে ঢোকার অপেক্ষায় রাস্তার দু'পাশে আটকা পড়ে আছে। এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের হিলি স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লাবু বলেন, এখানের শ্রমিকরা বিভিন্ন সময়ে পানামা বন্দরে কর্মরত শ্রমিকদের মজুরি ও বকেয়া পরিশোধে কর্তৃপক্ষকে সমাধানের তাগিদ দিয়ে আসছে। কিন্তু তারা এতে কান দেয়নি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা এ হামলা চালাতে পারে। তবে তিনি পানামা বন্দরে ভাংচুর বা শ্রমিক মারধরের কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.