২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই'র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১০-২০১২ সালের জন্য নির্বাচিত কমিটি বুধবার দায়িত্ব গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১০-২০১২ সালের জন্য নির্বাচিত কমিটি বুধবার দায়িত্ব গ্রহণ করেছে। বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আনিসুল হক সদ্য নির্বাচিত সভাপতি হা-মীম গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন । এসময় নতুন ও বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আনিসুল হক বলেন, "আমাদের কমিটি সংগঠনকে শক্তিশালী একটি অবস্থানে নিয়ে যাওয়া চেষ্টা করেছে। কতখানি সফল হয়েছি তার বিচারের ভার আপনাদের (সদস্য) উপর।" নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "আমরা সব সময় আপনাদের সহযোগিতা করবো।" দায়িত্বভার গ্রহণ করে নতুন সভাপতি এ কে আজাদ বলেন, "সংগঠনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সব চেষ্ঠা অব্যাহত থাকবে। আপনাদের (বিদায়ীদের) অভিজ্ঞতা এবং আমাদের উদ্যোগের মাধ্যমে এফবিসিসিআই-এর কার্যক্রম আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে।" সংগঠনের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক আলী আশরাফ, নতুন কমিটির প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী , বিদায়ী কমিটির প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, সভাপতি আবু আলম চৌধুরী প্রমুখ। গত ১৯ জুন সংগঠনের ৪৪ জন পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে পরিচালকদের ভোটে ২১ জুন দুই বছর মেয়াদী কমিটির জন্য সংগঠনের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৪০ ঘ.