২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচনে আজাদের প্যানেল জয়ী

এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ নির্বাচনে বেশিরভাগ পরিচালক নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের নেতৃত্বাধীন প্যানেল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 04:35 AM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ নির্বাচনে বেশিরভাগ পরিচালক নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের নেতৃত্বাধীন প্যানেল থেকে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনের এই ভোট হয়। এরপর রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনের আগেই এফবিসিসিআইয়ের ৪৪টি পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৮ জন করে পরিচালক মনোনীত হয়েছেন। বাকি ২৮টি পদের জন্য শনিবার সরাসরি ভোটে অংশ নেন চারটি প্যানেলের ৫৮ জন প্রার্থী। অ্যাসোসিয়েশন গ্রুপের ১৪টি পরিচালক পদের জন্য ৩৮ জন এবং চেম্বার গ্রুপের ১৪টি পরিচালক পদের জন্য ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আফসারুল আরেফিন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজাদ-জসিম পরিষদের ১৩ জন চেম্বার গ্র"পের এবং ৮ জন অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি পদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের আবু আলম চৌধুরীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ থেকে ৬ জন এবং চেম্বার গ্রুপের দেওয়ান সুলতান আহমেদের নেতত্বাধীন গণতান্ত্রিক প্যানেল থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন। দেলোয়ার হোসেনে নেৃতত্বাধীন গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ থেকে কেউ নির্বাচিত হতে পারেননি। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৯১ জন। ভোটাররা শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট দেন। পরিচালকদের ভোটে আগামী সোমবার সংগঠনের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন হবে। এবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১০২৯ ঘ.