২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পনীতি অনুমোদন আগামী মাসে: অর্থমন্ত্রী

আগামী মাসে মন্ত্রিসভায় শিল্পনীতি অনুমোদন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে মন্ত্রিসভায় শিল্পনীতি অনুমোদন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার হোটেল শেরাটনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত "বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ২০০৯-১০ ও বাজেট ২০১০-১১" শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারে অনেক দূর এগিয়েছে। আগামী মাসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে আলোচনায় বসবে।" মন্ত্রী বলেন, "রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ছাড়া দ্রুত বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তাই এ প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে।" প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। বিদায়ী অর্থ বছরের তুলনায় ২০১০-১১ অর্থ বছরে এডিপি'র বরাদ্দ ২৬ দশমিক ৩ শতাংশ বেশি। যার পরিমাণ ৩৮ হাজার ৫শ' কোটি টাকা। এর বাস্তবায়নে সরকারকে বেশি জোর দিতে হবে বলে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়। এতে বিশেষ করে বিদ্যুৎ ও অবকাঠামো খাতের প্রতি বেশি নজর দেয়ার কথা বলা হয়েছে। তাছাড়া এডিপি বাস্তবায়নে বৈদেশিক সাহায্যের প্রতি বেশি নির্ভরশীলতা থাকায় এর বাস্তবায়নও চ্যালেঞ্জ বলেই উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের বর্তমান যে মূল্য তাতে সরকারকে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর জন্য প্রস্তুত থাকার কথাও বলেন ড. মুস্তাফিজ। প্রস্তাবিত ৬ দশমিক ৭ ভাগ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হলে শিল্প খাতকে শতকরা ৯ ভাগ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান না করা হলে এ হার অর্জন করা অনেক কষ্টকর হবে বলে মূল প্রবন্ধে তুলে ধরা হয়। অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ড. মশিউর বলেন, "বাজেট পেশের পর বিভিন্ন গ্র"প ও খাত নানা দাবি উত্থাপন করেছে। এসব দাবি সমন্বিত করে একটি গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে।" মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বিদ্যুৎ সমস্যা দেশের উন্নয়নের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা, দাতাদের সমস্যা ও ঠিক সময়ে যন্ত্রপাতি সরবরাহ না করাতে এ সমস্যা দীর্ঘায়িত হচ্ছে। এ ব্যাপারে আরো সচেষ্ট হতে হবে।" সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, "বাস্তবায়নের ওপরই নির্ভর করবে বাজেটের সফলতা। পাঠ্যপুস্তক ছাপার কাগজ আমদানীতে কর আরোপ করার ব্যাপাটি তিনি সরকারকে পুনর্বিবেচনা করতে বলেন।" পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারে সরকারকে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার আহবান জানান ড. ওসমান। অনুষ্ঠানে এফবিসিসিআই উপদেষ্টা মঞ্জুর রহমান, ড. বদিউল আলম মজুমদার, ড. ওয়াজউদ্দিন খান, ড. মেহবুব হোসেন, রূপালী ব্যাংক চেয়ারম্যান আহমেদ আলী কবির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অর্থনীতিবিদগণ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/কেএমএস/১৭৫৬ ঘ.