ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রং ও রাসায়নিক দ্রব্য সরবরাহ এবং কারিগরী সহায়তা দিতে বেক্সটেক্স লিমিটেডের সঙ্গে হান্টসম্যান টেক্সটাইল ইফেক্টস কোম্পানি একটি কারিগরী অংশীদারিত্ব চুক্তি করেছে।
সোমবার দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়েছে বলে বেক্সটেক্স লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় বেক্সটেক্স টেক্সটাইল প্রসেসিং প্ল্যান্টের জন্য সব ধরনের রং ও রাসায়নিক দ্রব্যের যোগানদাতা হিসেবে হান্টসম্যান টেক্সটাইল ইফেক্টস অগ্রাধিকার পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সটেক্স লিমিটেডের প্রধান নির্বাহী ও বেক্সিমকো গ্র"পের পরিচালক সৈয়দ নাভেদ হুসেন বলেন, এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের উৎপাদন এবং নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে, যা বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের জন্য গুরুত্বপূর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হান্টসম্যান ও বেক্সিমকো গ্র"প বাংলাদেশে নির্মাণ শিল্প, জুতা ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত কোম্পানিগুলোর জন্য বিশেষায়িত রাসায়নিক খাতে বিনিয়োগের চিন্তাও করছে।
হান্টসম্যান টেক্সটাইল ইফেক্টস এর সভাপতি পল হালম বলেন, বস্ত্র শিল্পের প্রযুক্তিগত উন্নয়নে এই অংশীদারিত্ব আরো গতি এনে দেবে।
হান্টসম্যান বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন ও সরবরাহকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24