২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার

একদিন পর আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 05:27 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন পর আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক এক দশমিক ৭৯ শতাংশ বা ১০৯ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়ায় ৬১৭৬ দশমিক ৪৯ পয়েন্ট। গুরুত্বপূর্ণ সূচকে উর্ধ্বগতি থাকলেও লেনদেন হ্রাস অব্যাহত রয়েছে। এদিন মোট লেনদেন হয় এক হাজার ৩৬৪ কোটি টাকা। প্রায় দুই সপ্তাহ চাঙ্গা থাকার পর সোমবার বাজার হঠাৎ করে পড়ে যায়। এদিন সাধারণ সূচক ২ দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে যায়। আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৩ শতাংশ কমে মোট লেনদেনের পরিমান দাঁড়ায় এক হাজার ৫৯৭ কোটি টাকা। মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপক ইওয়ার সাইদ জানান, গতকালের (সোমবার) হঠাৎ দরপতনের পর আজ বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছেন। তিনি জানান, সোমবার সংবাদ সম্মেলন করে ঢাকা শেয়ার বাজার (ডিএসই) কর্তৃপক্ষ বলেছিল, মুনাফার ওপর সরকার পাঁচ শতাংশ হারে কর আরোপ করবে না বলে তারা আশা করছেন। এর ফলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে আসে। সাইদ বলেন, "বাজার স্বাভাবিক আছে। তবে গুজবের কারণে শেয়ারের দর বাড়ে, আবার কমে। বাজারে এটা হয়ে থাকে।" মঙ্গলবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৭৮ শতাংশেরও বেশি শেয়ারের দাম বেড়েছে। অপরিবর্তিত আছে মাত্র নয়টি। মিউচুয়াল ফান্ডের দাম কিছুটা বেড়েছে। সিমেন্ট খাতের সব শেয়ারের দামও বাড়তি ছিলো। লেনদেনে শীর্ষে ছিলো তিতাস গ্যাস। কোম্পানির শেয়ারের দাম ২ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে হয়েছে ৯২৫ টাকা। মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার। ৭৭ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে এর পরেই ছিল পূবালী ব্যাংক। এর শেয়ারের দর ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৭২৩ দশমিক ২৫ টাকা। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৭০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার। এর প্রতিটি শেয়ারের দাম ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে হয়েছে ৯৭০ দশমিক ৭৫ টাকা। ৪ দশমিক ৯৯ শতাংশ বেড়ে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম হয়েছে তিন হাজার ৮৪ দশমিক ৭৫ টাকা। লেনদেন হয়েছে মোট ৫০ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। বেক্সিমকোর শেয়ার লেনেদেন হয়েছে ৩৯ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকার। এক দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ারের দাম দিন শেষে দাঁড়ায় ৩২৪ দশমিক ৬০ টাকা। ডিএসই'র প্রেসিডেন্ট মোহাম্মদ শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামনে বাজেট ঘোষণা করা হবে বলে এখন বাজার ওঠানামা করবে। মূল্য সংশোধনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "বাজারে বড় ধরনের মূল্য সংশোধনের সম্ভাবনা নেই। তবে ছোটখাটো কিছু সংশোধন হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমএসবি/এইচএ/২৩২৩ ঘ.