খুলনা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুরের গোয়ালপাড়ায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে লাগা এ আগুনে অন্তত দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
পরে বয়রা, খালিশপুর ও দৌলতপুর স্টেশন থেকে দমকল বাহিনী এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের উপ-পরিচালক মো. গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েল্ডিংয় কাজ করার সময় হঠাৎ আগুন গিয়ে বয়লারে লাগে। পরে পুরো বয়লারে ছড়িয়ে পড়ে।
বয়রা, খালিশপুর ও দৌলতপুর স্টেশন থেকে দমকলের ১১টি গাড়ি ঘটনাস্থলে যায় বলেও তিনি জানান।
খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী হরেন্দ্র নাথ মণ্ডল বলেন, "বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের প্রি-এয়ার হিটারে আগুন লেগে উৎপাদন বন্ধ রয়েছে। আগামী দুই তিন দিনের আগে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না।"
এ ঘটনায় প্রকৌশলী জ্যোর্তিময় বসুকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24