২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুন থেকে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল: বাণিজ্যমন্ত্রী

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার দুপুরে বাগেরহাটের মংলায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "জুন থেকে প্রতি মাসে ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেল বাজারজাত করা হবে। সারাদেশে টিসিবি'র নিয়োগ করা এক হাজার সাতশ' ডিলারের কাছে এ তেল পৌঁছে দেওয়া হবে।" মংলার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এস জি অয়েল রিফাইনারিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিশোধণ প্রক্রিয়া পরিদর্শন এবং টিসিবিকে প্রতিষ্ঠানটির সরবরাহ করা সয়াবিন তেল গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। এস জি অয়েল রিফাইনারিজ লিমিটেড এই তেল সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে তেল আমদানি করে বলে এর কর্মকর্তারা জানান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অলোক বাজুরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস. জি. অয়েল রিফাইনারিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাবুল চৌধুরী ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষ, মংলা ইপিজেডের মহা-ব্যবস্থাপক মেহেবুবুর রহমান, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। বাবুল চৌধুরী বলেন, ২০১০ সালের জানুয়ারি মাসে টিসিবি'র সঙ্গে এই প্রতিষ্ঠানটির এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুয়ায়ী তারা জুন থেকে প্রতিমাসে টিসিবিকে প্রায় ১২ হাজার মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল সরবরাহ করবে। তালুকদার আব্দুল খালেক বলেন, এই অঞ্চলে মাঝারি শিল্প কারখানা গড়ে তুলতে পারলে এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মংলা বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ২০০৬ সালের নভেম্বর মাসে মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আড়াই শ' শ্রমিক কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/১৯৩৭ ঘ.