২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনি দুর্বলতায় তামাক কোম্পানিগুলো শাস্তি পাচ্ছে না'

আইনের দুর্বলতার কারণে তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের দুর্বলতার কারণে তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। রোববার বিকেলে সচিবালয়ে 'বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১০' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সাল থেকে প্রতি বছরের ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে আসছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় 'জেন্ডার অ্যান্ড টোবাকো, উইথ অ্যান অ্যাম্ফেসিস অন মার্কেটিং টু উইমেন'। রুহুল হক বলেন, "বিড়ি-সিগারেটের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া এবং তামাক কোম্পানিগুলো যেন আইন লঙ্ঘন করে তামাক ব্যবহারের পক্ষে প্রচারণা না চালাতে পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বিদ্যমান আইনের দুর্বলতার কারণে তামাক কোম্পানিগুলোকে যথাযথ শাস্তির আওয়াতায় আনা যাচ্ছে না।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বাংলাদেশে ৫৭ হাজার মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছে আরো তিন লাখ ৮২ হাজার মানুষ। বর্তমান আইনে জর্দা, গুল ও খৈনীকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় না আনায় এসব দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানান তিনি। শিগগিরই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নারীদের পরোক্ষ ধূমপানের হাত থেকে বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সুস্থ সন্তানের জন্য সুস্থ মা অপরিহার্য।" সংবাদ সম্মেলনে ২০০৯ সালে করা গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভের (গ্যাটস) একটি পরিসংখ্যান উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের ৪৩ দশমিক ৩ ভাগ মানুষ তামাক (বিড়ি-সিগারেট, জর্দা, গুল ইত্যাদি) ব্যবহার করে। ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই দরিদ্র ও নিরক্ষর। দরিদ্রদের মধ্যে ৫৫ দশমিক ৬ ভাগ এবং নিরক্ষরদের মধ্যে ৬২ দশমিক ৯ ভাগ মানুষ তামাক সেবন করে। সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৩৬ ঘ.