ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩৮ হাজার ৫০০ কোটি টাকা অনুমোদন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভার পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, এডিপি বাস্তবায়নে বাংলাদেশ সরকার দেবে ২৩ হাজার ২০০ কোটি টাকা। বৈদেশিক সাহায্যের পরিমাণ ধরা হয়েছে ১৫ হাজার ৩০০ কোটি টাকা।
চলতি ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে প্রথমে এডিপি ঠিক করা হয়েছিল ৩০ হজার ৫০০ কোটি টাকা। পরে তা সংশোধন করে কমিয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, এডিপিতে আগামী অর্থবছরের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান এবং পানি সম্পদ খাতে (২১ শতাংশ)।
এছাড়া গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, তেল গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাত (১৬ শতাংশ), পরিবহন খাত (১৪ শতাংশ), শিক্ষা ও ধর্ম খাতে (১৩ শতাংশ), স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাত (১০ শতাংশ)।
তিনি আরো জানান, আগামী অর্থবছরের জন্য এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ৯১০টি। এর মধ্যে ৯৪টি নতুন প্রকল্প এবং ৮১৬টি প্রকল্প চলতি অর্থ বছরের এডিপি থেকে স্থানান্তরিত।
চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ৮৮৬টি।
আগের অর্থবছরগুলোতে বরাদ্দ দেওয়া এডিপির পুরো অর্থ বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে একে খন্দকার বলেন, "আমরা পরিকল্পনা করি এবং অর্থ বরাদ্দ দিই। বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। পুরো এডিপি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন।"
পরিকল্পনা সচিব হাবিব উল্লাহ মজুমদার জানান, চলতি অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ১৬ হাজার ৭০০ কোটি টাকার। যা মোট বরাদ্দের ৫৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ১১ হাজার ৮০০ কোটি টাকার।
প্রতিবছর এডিপি বাস্তবায়নের হার বাড়ছে বলেও জানান তিনি।
আগামী অর্থবছরের এডিপিতে প্রকল্প বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, "মন্ত্রণালয়গুলো এবার বেশি প্রকল্প দিয়েছে। এগুলো বাস্তবায়ন হলে পরবর্তী সময়ে হয়তো প্রকল্প সংখ্যা কমে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24