২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত বৈধ অর্থ সাদা করার প্রস্তাব ডিসিসিআই'র

আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে ৫০ শতাংশ হারে কর ও জরিমানা দিয়ে অপ্রদর্শিত বৈধ অর্থ সাদা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের এ সংগঠনটি। শনিবার দুপুরে ডিসিসিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল কাশেম এ আহ্বান জানান। তিনি বলেন, "কালো টাকা সাদা করার আর কোনও সুযোগ দেওয়া ঠিক হবে না। তবে যারা তাদের বৈধ আয় অপ্রদর্শিত রেখেছে, সেই আয়ের ওপর ৫০ শতাংশ হারে অর্থ দিয়ে তা সাদা করার সুযোগ দেওয়া যেতে পারে। ওই ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ কর আর অন্য ২৫ শতাংশ জরিমানা থাকবে।" আসন্ন বাজেটে আয়কর, আমদানী কর, মূল্য সংযোজন কর, বিদ্যুত ও জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতওয়ারী ডিসিসিআই'র বাজেট প্রস্তাব তুলে ধরেন আবুল কাশেম। ২০০৫ সালের মধ্যে করদাতাদের সংখ্যা ৫০ লাখে উন্নীত করার প্রস্তাব রেখে তিনি বলেন, বর্তমানে ৪২ শতাংশ কর আদায় হয় ঢাকা থেকে। এর আওতা বাড়ানো জরুরি। বিশেষ করে পেশাজীবীদের করের আওতায় আনতে হবে। এছাড়া করাদাতাদের বিভিন্ন সুবিধা দিতে ট্যাক্স কার্ড প্রবর্তন করতে হবে। এতে কর দিতে তারা উৎসাহিত হবে। তিনি কর নীতিমালা আরও স্বচ্ছ করার মাধ্যমে আয়কর দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানান। বিদ্যুতখাতে এবার বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, "বিদ্যুত-গ্যাস খাতে সরকারের মাস্টার প্ল্যান কী তা আমাদের জানাতে হবে। আমরা কেউই নিশ্চিত করে বলতে পারছি না গ্যাস কত বছর থাকবে। এর বিকল্প হিসেবে আমাদের কয়লা ব্যবহার করতে হবে। কিন্তু এই খাতেও কোনও নীতিমালা হয়নি। অবিলম্বে নীতিমালা করে কয়লা ভিক্তিক বিদ্যুত প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।" তিনি ডিজেল ও ফার্নেস ওয়েলের মূল্য যথাক্রমে ২২ ও ১২ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আমদানী কর ও মূল্য সংযোজন কর প্রসঙ্গে আবুল কাশেম বলেন, "আমরা ক্যাপিটাল মেশিনারি আমদানীর ক্ষেত্রে শুল্ক শূন্য শতাংশ, কাঁচামাল আমদানীর ক্ষেত্রে ৩ শতাংশ, মধ্যবর্তী পণ্যে ১০ শতাংশ এবং চূড়ান্ত পণ্যর ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া মূল্য সংযোজন কর ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ও স্থানীয়ভাবে ক্রয় করা কাঁচামালের ওপর ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ করা প্রয়োজন।" পরিবহন ও অবকাঠামো খাতের উন্নয়নের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার উদ্যোগ সফল করতে তিনি টেলিকম খাতে সব ধরনের যন্ত্রপাতি ও মোবাইল ফোনের সিমের ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রাখেন। সংবাদ সম্মেলনে ডিসিসিআই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান খান, ভাইস প্রেসিডেন্ট সিরাজউদ্দিন মালিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২২৪ ঘ.