২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর আহ্বান

তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর পদক্ষেপ নিতে শিল্প মালিকদের প্রতি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 06:21 AM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর পদক্ষেপ নিতে শিল্প মালিকদের প্রতি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শনিবার মে দিবসের সরকারি অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, "সব কারখানায় ট্রেড ইউনিয়ন থাকা উচিত। তা না হলে পোশাক শিল্পের সমস্যা কাটবে না।" "বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের শিল্পে ট্রেড ইউনিয়ন চালু করুন", বলেন তিনি। দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে দর কষাকষিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের রপ্তানিমুখী পোশাক খাতে তা নেই। বিভিন্ন শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে পোশাক খাতে ট্রেড ইউনিয়ন চালুর দাবি জানিয়ে আসছে। শ্রমিক নেতাদের অভিযোগ, মালিক পক্ষের অনাগ্রহের কারণেই তা হচ্ছে না। ওসমানী ম্মৃতি মিলনায়তনের ওই অনুষ্ঠানে সরকার সমর্থক শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারও পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর দাবি জানান। তিনি বলেন, "কল-কারখানার শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারলে পোশাক শ্রমিকরা কেন ট্রেড ইউনিয়ন করতে পারবে না?" শ্রমিকেদের ন্যায্য মজুরি দেওয়ার দাবিও জানান শ্রমিক লীগ সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রপ্তানিমুখী পোশাক শিল্প রক্ষায় মালিক-শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, "যে প্রতিষ্ঠান আপনাদের জীবিকার সুযোগ করে দেয়, তার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব আপনাদের ওপরও বর্তায়। সে দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে।" একইসঙ্গে শ্রমিকদের দাবির প্রতি শিল্প মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১২১২ ঘ.