২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৩ মাসের মধ্যে নতুন কাঠামোয় পোশাক শ্রমিকদের বেতন'

তিন মাস পরই পোশাক শ্রমিকরা নতুন কাঠামোয় বেতন পাবেন জানিয়ে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের বেতন কাঠামো সংস্কারে বেতন বোর্ড গঠনের কথা জানিয়ে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকরা। তাই শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত দুদিন ধরে রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের কাচপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই মন্ত্রী বেতন কাঠামো সংস্কারের কথা জানালেন। বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১ হাজার ৬৬৪ টাকা, যা তিন বছর আগে ঠিক করা হয়। বর্তমান অবস্থার সঙ্গে এ বেতন যে সঙ্গতিপূর্ণ নয়, তা শ্রমমন্ত্রীও স্বীকার করেন। তিনি বুধবার তার কার্যালয়ে তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিরসন ও সমস্যা সমাধানে গঠিত 'সঙ্কট ব্যবস্থাপনা সেল'র (ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল- সিএমসি) সভায় সভাপতিত্ব করেন। সভায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, ভারপ্রাপ্ত শ্রম সচিব নূরুল হক, বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, তৈরী পোশাক শিল্প মালিক আনিসুর রহমান সিনহা উপস্থিত ছিলেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, "তিন বছর আগে ১ হাজার ৬৬৪ টাকার যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে, তা কোনোভাবেই বর্তমান অবস্থায় গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের বেতন হতে হবে বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে।" "অপেক্ষা করুন। আগামী রোজার আগেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। কোনো উস্কানিতে বিভ্রান্ত হবেন না", শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, নতুন বেতন বোর্ড তিন মাসের মধ্যে নতুন কাঠামো চূড়ান্ত করবে। তাদের প্রস্তাব পেলেই মন্ত্রণালয় নতুন মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন করবে। মজুবি নিয়ে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি 'রাজনৈতিক মহল' বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কারা এ কাজ করছে, তা স্পষ্ট না করে মোশাররফ বলেন, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শ্রমিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র নেতা নাসির সাংবাদিকদের বলেন, শ্রমিকরা মালিকদের প্রতিপক্ষ নয়। তাই তিন বছরের মাথায় নতুন বেতন বোর্ড মেনে নিয়েছে মালিকরা। "আমরাও চাই, শ্রমিকরা ন্যায্য মজুরি পাক", বলেন তিনি। ধ্বংসাত্মক কাজ থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে নাসির বলেন, শিল্প ধ্বংস হলে মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে। মজুরি কাঠামো সংস্কারের ঘোষণার পরও যদি 'বিশৃঙ্খলা' হয়, তবে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪০ ঘ.