২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ও মিরপুরে আবারো শ্রমিক বিক্ষোভ

বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ওপেক্স গ্র"পের শ্রমিকরা রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জে বুধবার আবারো বিক্ষোভ করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 09:49 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ওপেক্স গ্র"পের শ্রমিকরা রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জে বুধবার আবারো বিক্ষোভ করেছে। ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করা এবং হাজিরা বোনাস ও বেতন-বোনাস বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করছে। সকাল ৯টায় মিরপুর ১৩ নম্বর প্রধান সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপর শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। একই দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার টাটকী এলাকায় সকাল ১১টায় ওই গ্র"পের অ্যারো অ্যাপারেলস অনির্বাণ ও অ্যারো অ্যাপারেল মোহাম্মদী গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর চালায়। বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। দুপুর ১টায় পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়। মঙ্গলবারও শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক চারঘণ্টা অবরোধ করে রাখে। ওইদিন দুপুরের পর মিরপুর ১৩ নম্বর সেক্টরে একই গ্র"পের কারখানা শ্রমিকরা রাস্তায় নেমে আসে। দফায় দফায় মিছিল করে। কয়েকটি কারখানায় ভাংচুর চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সাইয়্যেদুল ইসলাম তালাত জানান, বুধবার সকাল ৯টায় ওপেক্স গ্র"পের কারখানা ওপেক্স সিনহা টেক্সটাইলের শ্রমিকরা মিরপুর ১৩ নম্বর প্রধান সড়কে অবস্থান নেয়। এতে মিরপুর ১০ থেকে মিরপুর ১৪ নম্বর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী জানান, মঙ্গলবার কাঁচপুরে এই প্রতিষ্ঠানের আরেকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করার পরে তাদের দাবি মেনে নেওয়া হয়। এই খবর পেয়ে বুধবার সকালে কারখানা খুললে তারা দাবি-দাওয়ার লিখিতভাবে কারখানার নির্বাহী পরিচালক মুজিবুল ইসলাম খানকে জানান। শ্রমিকরা অভিযোগ করেন, দাবির কপিটি হাতে নিয়ে ছুড়ে ফেলে কারখানার গেট আটকে দেন মুজিবুর। এ ঘটনার পরই তারা সড়কে অবস্থান নেয়। কাফরুল থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাড়ে ৯টার দিকে শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে দেয়।" পুলিশ কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার নারায়ণগঞ্জের কাঁচপুরে ওপেক্স সিনহা টেক্সটাইল গ্র"পের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চারঘণ্টা ধরে অবস্থান নেয়। পরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের আলোচনায় শ্রমিকদের কিছু দাবি মেনে নেওয়া হলে অবস্থান তুলে নেয় শ্রমিকরা। ওপেক্স এন্ড সিনহা টেক্সটাইল গ্র"পের মহাব্যাবস্থাপক (জিএম) প্রকৌশলী হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁচপুরে সিদ্ধান্ত হওয়ার পরে বুধবার সকালে লিফলেট আকারে তা শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় কয়েকজন দাবিগুলো না মেনে উস্কানিমূলকভাবে বিক্ষোভ শুরু করে। উস্কানিদাতারা বহিরাগত বলে দাবি করেন হারুনুর রশিদ। নারায়ণগঞ্জের আলোচনার ব্যাপারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সরকারি প্রধান পরিদর্শক মো. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শ্রমিকদের দাবিগুলো শুনেছি। এর কিছু দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে।" বেতন পাঁচ হাজার টাকা করার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করতে হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১১টা থকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার টাটকী এলাকায় অ্যারো অ্যাপারেলস অনির্বাণ ও অ্যারো অ্যাপারেল মোহাম্মদীর শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর চালায়। তারা ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালায়। বেশকয়েকটি যানবাহন ভাংচুর করে। ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গেলে শ্রমিকের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়। দুপুর ১টায় গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল আবার শুরু হয়। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের জানান, অ্যারো অ্যাপারেলস অনির্বাণ ও অ্যারো অ্যাপারেল মোহাম্মদী এ দুই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। বুধবার সকাল ৮টায় তারা বিক্ষোভ শুরু করে। কিছুক্ষণ পর তারা কারখানায় হামলা ও ভাংচুর চালায়। সকাল ১১টায় শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে আসে এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পুলিশ কর্মকর্তা বলেন, দুপুর সাড়ে ১২টায় আর্মড পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিদের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লাঠিপেটা করে। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের তীব্র যানজট বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি /প্রতিনিধি/কিউএইচ/এজে/ডিডি/এমএসবি/১৯৫৭ ঘ.