নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়াসহ বিভিন্ন দাবি আদায়ে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে বেলা ১১টার দিকে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে কাঁচপুরের নয়ামাটি এলাকার এসএফ গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ৯টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে আসে।
তিনি বলেন, তারা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে মালিকপক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
অবরোধ চলাকালে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৫৯ ঘ.
bdnews24