২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের আমদানি শুল্ক 'শূন্য' করার দাবি

যাত্রীবাহী বাসের আমদানি শুল্ক 'শূন্য' করার দাবি জানিয়ে গাড়ি আমদানিকারকরা বলেছেন, এটা করলে গণপরিবহণ ব্যবস্থা গতিশীল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবাহী বাসের আমদানি শুল্ক 'শূন্য' করার দাবি জানিয়ে গাড়ি আমদানিকারকরা বলেছেন, এটা করলে গণপরিবহণ ব্যবস্থা গতিশীল হবে। একইসঙ্গে কার ও জিপের সিসি স্ল্যাব পুনর্বিন্যাস করে এর ওপর আরোপিত সম্পুরক শুল্ক কমানোর সুপারিশও করেছেন তারা। পুরনো গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডা বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তাদের দাবিগুলো তুলে ধরেন। বর্তমানে ১৫ আসনের যাত্রীবাহী বাসের আমদানি শুল্কহার ২৫ শতাংশ এবং ১৫ বা তার চেয়ে বেশি আসনের বাসের ক্ষেত্রে শুল্কহার ১২ শতাংশ। আগামী অর্থবছরের বাজেট ১০ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতিমধ্যে জানিয়েছেন। এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বারভিডার সুপারিশগুলো বিবেচনার আশ্বাস দিলেও বলেছেন, বর্তমান শুল্ক হার বেশ কম। বারভিডার হিসাবে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে গাড়ি আমদানি থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৩০০ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিলো প্রায় ২০০০ কোটি টাকা। বারভিডা সভাপতি হাবিবউল্লাহ ডন আশা করছেন, চলতি অর্থবছর শেষে রাজস্বের পরিমাণ ২৩০০ টাকা হবে। তবে কার ও জিপের সিসি স্ল্যাব পুনর্বিন্যাস এবং সম্পুরক শুল্ক কমালে গাড়ি আমদানি বাড়বে জানিয়ে হাবিব বলছেন, সে ক্ষেত্রে সরকারের রাজস্বের পরিমাণও বাড়বে। বর্তমানে কার ও জিপের ক্ষেত্রে ১৫০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ, ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত ২৫০ শতাংশ, ২৭৫১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত ৩৫০ শতাংশ এবং এর ঊর্ধ্বে ৫০০ শতাংশ সম্পুরক শুল্ক রয়েছে। বারভিডা এর পরিবর্তন চেয়ে ১৫০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১৫০১ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ, ২৫০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১৫০ শতাংশ, ৩০০১ থেকে ৫০০০ সিসি পর্যন্ত ২৫০ শতাংশ এবং এর উর্ধ্বে ৩৫০ শতাংশ সম্পুরক শুল্ক আরোপের প্রস্তাব করেছে। বাসের পাশাপাশি ট্রাকের আমদানি শুল্কও 'শূন্য' করার প্রস্তাব করেছে বারভিডা। বর্তমানে এ দুটি ক্ষেত্রে শুল্ক হার ১০ শতাংশের বেশি। তবে বারভিডার এ সব প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এনবিআর। এনবিআর সদস্য (শুল্ক) হোসেন আহম্মদ বলেন, "সম্পুরক শুল্ক সহনীয় পর্যায়ে আছে। এ শুল্ক কাঠামোয় আগের চেয়ে যদি গাড়ি আমদানি কমে থাকে তাহলে আমরা বিষয়টি দেখবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭১৬ ঘ.