২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল-সালমানের আর 'হয়রানি' মামলা নেই

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেক্সিমকো প্রধানদের বিরুদ্ধে গাজীপুরে দায়ের করা ভূমি সংক্রান্ত দুটি মামলা তুলে নেওয়ার আদেশ দিয়েছে সেখানকার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেক্সিমকো প্রধানদের বিরুদ্ধে গাজীপুরে দায়ের করা ভূমি সংক্রান্ত দুটি মামলা তুলে নেওয়ার আদেশ দিয়েছে সেখানকার আদালত। সেনা সমর্থিত ওই সরকারের আমলে দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে এ দুটিই ছিলো সর্বশেষ। ২০০৭ সালের ১৭ মে বেক্সিমকোর চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে গাজীপুরের ভূমি কর্মকর্তারা মামলা দুটি করেন। মঙ্গলবার আদালতের আদেশের পর সোহেল-সালমান পক্ষের একজন আইনজীবী বলেন, "দেশের শীর্ষ দু'জন উদ্যোক্তার বিরুদ্ধে করা মামলার উদ্দেশ্যই ছিলো হয়রানি করা।" মামলা দুটি না চালানোর সরকারি সরকারি সিদ্ধান্তের পর গাজীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম শহিদুল আলম ঝিনুক মঙ্গলবার মামলা দুটি প্রত্যাহারের আদেশ দেন। বেক্সিমকোর কর্মকর্তারা মনে করছেন, এ আদেশের মাধ্যমে দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক গ্র"পটির শীর্ষ দুই ব্যক্তি দীর্ঘদিনের মামলা হয়রানি থেকে মুক্তি পেলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক হয়রানির পাশাপাশি ব্যবসায়িকভাবে কোনঠাসা করাও ছিলো এসব মামলার অন্যতম উদ্দেশ্য। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-২০০৮) এসব কর্মকাণ্ডে গণমাধ্যমের একটি অংশেরও ইন্ধন ছিলো বলেও তাদের বিশ্বাস। ওই আমলের বিতর্কিত দুর্নীতি বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কথিত দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে উদ্দেশ্যমূলক হয়রানি করে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। সে সময় ২২২ জন কথিত দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের সম্পদের হিসেব চায় দুদক। জরুরি আইনের অধীনে অধ্যাদেশ জারির মাধ্যমে কমিশনকে ক্ষমতাবান করে সরকার। কমিশন নিজেরা তদন্ত করে অভিযুক্ত অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তালিকাভুক্তদের মধ্যে মাত্র জনা পাঁচেকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের কোনো অভিযোগ আনেনি তারা। তদন্তের আগেই কীসের ভিত্তিতে দুর্নীতিবাজ বলে চিহ্নিত করে পত্রপত্রিকায় বিভিন্ন ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করা হয়েছিল সে সম্পর্কে জানতে চাওয়া হলে কমিশনের বর্তমান কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ। বেক্সিমকো গ্র"পের আইস চেয়ারম্যান সালমান রহমান এই অল্প ক'জনের একজন। প্রসঙ্গত, তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমানকে জরুরি অবস্থা জারির পরপরই বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়। ছোটভাইয়ের গ্রেপ্তারের পরই বেক্সিমকো চেয়ারম্যান সোহেল রহমান দেশ ছাড়েন। কয়েকটি মামলায় ছোটভাইয়ের সঙ্গে তাকেও আসামি করা হয়। সেসময় সোহেল রহমানসহ দেশের আরো অনেক ব্যবসায়ী-শিল্পপতির কর্মস্থল এবং বাড়ির আসবাব জব্দ করার ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান বলেন, "ব্যবসায়ীদের ভাবমূর্তি নষ্ট করতে সেনা মদদপুষ্ট সরকারের প্ররোচনায় সংবাদ মাধ্যম এসব খবর পরিবেশন করে চাঞ্চল্য সৃষ্টি করা হয়।" ওই সরকারের আমলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের নানা খবর পরবর্তীতে সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে। দুদক সোহেল ও সালমানের বিরুদ্ধে জমির জাল দলিল দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগে দুটি মামলা করে। ব্যাংক তিনটি হলো এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক। কয়েকটি সূত্র বলছে, এবি ব্যাংকের মামলাটির ক্ষেত্রে এজাহারে সে সময়কার কার্যত সরকার প্রধান, সেনাপ্রধান মইন উ আহমেদের ভাইয়ের নাম এসে পড়ায় দুদক তা নিয়ে আর এগোয়নি। বাকি মামলা দুটির অভিযোগপত্র তৈরি হলেও উচ্চ আদালত সালমানের আবেদনে সাড়া দিয়ে সেগুলো নাকচ করে দেয়। এছাড়া উচ্চ আদালত বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে আনা আরেকটি মামলাও বাতিল করে দেয়। এ মামলায় সাড়ে ১৮শ মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা রাখার অভিযোগ আনা হয়েছিলো। প্রসঙ্গত বেক্সিমকো গ্র"পের বাজার মূলধন পৌনে দু'শ' কোটি মার্কিন ডলার। আদালতই মামলাটিকে হাস্যকর ও হয়রানিমূলক বলেছে- এ কথা জানিয়ে সালমান বলেন, কোনো কোনো সংবাদ মাধ্যম ভুলভাবে সংবাদটি মুদ্রা পাচারের অভিযোগ বলে প্রচার করে। তিনি বলেন, ওই সরকার তার বিরুদ্ধে অনেককে দিয়ে জোর করে ফৌজদারি মামলা দায়ের করায়। এসব মামলার অনেকগুলোই ছিলো দেওয়ানি ধরনের। পরবর্তীতে কেউ কেউ মামলা নিজেরাই তুলে নেন। কয়েকটি আদালতে খারিজ হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার আমলে ১৮ মাস কারাবাস করা সালমান বলেন, "জেল থেকে বেরিয়ে আমি পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করেছি। এর ফলে আমার প্রতিষ্ঠানগুলোর বাজার মূলধনের পরিমাণ ২০০৮ সালের আগস্ট মাসের (মুক্তির সময়) ২৫ কোটি মার্কিন ডলার থেকে এখন পৌনে দু'শ' কোটি ডলারে দাঁড়িয়েছে।" রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক ছিল মন্তব্য করে বেক্সিমকো প্রধান বলেন, "এতে করে আমাদের ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং দুই লাখেরও বেশি শেয়ারহোল্ডার লাভবান হয়েছে। জরুরি অবস্থার সময় দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণের পথে আমরা যে অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরেছি তাতে আমি আনন্দিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/১৬৩০ ঘ.