২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙা বন্ধে 'এনজিও ষড়যন্ত্রের' দাবি

পরিবেশ রক্ষার অজুহাতে দেশের কয়েকটি এনজিও জাহাজ ভাঙা শিল্প বন্ধের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষার অজুহাতে দেশের কয়েকটি এনজিও জাহাজ ভাঙা শিল্প বন্ধের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আলম বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "এনজিও বেলা (বাংলাদেশ ইনভারনমেন্ট লয়েরস অ্যাসোসিয়েশন) এবং ইপসা (ইয়াং পাওয়ার ইন সোশাল অ্যাকশন বাংলাদেশ) জাহাজ ভাঙা শিল্পকে ধ্বংসের লক্ষ্যে নীল নকশা করে এ শিল্পের বিরুদ্ধে কাজ করছে।" এ প্রসঙ্গে বেলা'র নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের অবাস্তব অভিযোগের কোনো জবাব হয় না। বিষয়টি নিয়ে আদালতের নির্দেশনা রয়েছে। আ্যাসোসিয়েশন যে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে চায় তা স্পষ্ট।" ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান অ্যাসোসিয়েশনের বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করে বলেন, "আমরা গবেষণা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ওই সংগঠন সর্ম্পকে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছি।" "২০০৩ সাল থেকে জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার খাতে বাংলাদেশ শীর্ষে আছে," উল্লেখ করে সংবাদ সম্মেলনে জাফর বলেন, "এই শিল্প যেন বন্ধ হয়ে যায় সেজন্য দেশি ও বিদেশি চক্রান্ত চলছে।" এর অংশ হিসেবে পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আন্তর্জাতিক সংগঠন ব্যান'র (ব্যাসেল অ্যাকশন নেটওর্য়াক) সহযোগী হিসেবে বেলা ও ইপসাসহ কয়েকটি এনজিও এ খাতকে ধ্বংসের ষড়যন্ত্রে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করে তিনি। গত ২৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের এক গেজেটে পরিত্যক্ত জাহাজ আমদানিতে রপ্তানিকারক দেশ থেকে বিষাক্তবর্জ্যমুক্ত বলে প্রত্যয়নপত্র জমা দিতে বলেছে। এর ফলে গত দুই মাস ধরে বিদেশ থেকে জাহাজ আমদানি বন্ধ রয়েছে বলে জানান জাফর। জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম সচল ও গতিশীল রাখার জন্য ওই সিদ্ধান্ত বদলে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি এই শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়ন ও জাহাজ ভাঙা অঞ্চল গড়ে তোলার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের মোট লোহার চাহিদার ৭০-৮০ শতাংশ জাহাজ ভাঙা খাত থেকে পূরণ হয় বলে জানান জাফর। তাই "এ শিল্প বন্ধ হয়ে গেলে প্রায় দুই লাখ শ্রমিক বেকার হওয়ার পাশাপাশি সরকার ছয়-সাতশ কোটি টাকার রাজস্ব হারাবে," বলেন তিনি। তিনি জানান, কাঁচামালের অভাবে দেশের সাড়ে ৪শ থেকে ৫শ রি-রোলিং মিল এবং প্রায় ২৫টি স্টিল মিল বন্ধ হয়ে যাবে। প্রতিবছর এ শিল্পে কাজ করতে গিয়ে অসংখ্য লোক মারা যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি প্রতিরোধে কাজ করছি।" পরিবেশ দূষণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "দূষণের মাত্রা খুবই কম।" 'শিপব্রেকিং ও রিসাইক্লিং সেক্টরকে দেশি ও বিদেশি চক্রান্ত থেকে রক্ষার' দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহম্মদ মহসীন, কামালউদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, জুনায়েদ আলম এবং পরামর্শক আনাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০১৭ ঘ.