ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ইইউ।
গুলশানে ইইউ কার্যালয়ে সোমবার "ইইউ-বাংলাদেশ ট্রেড আপডেট" শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইইউ'র তথ্য অনুযায়ী, ২০০৮-এর তুলনায় ২০০৯-এ ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি শতকরা ছয় দশমিক তিন ভাগ বেড়েছে।
২০০৮ সালে ইইউতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পাঁচশ ৪৬ কোটি ৪০ লাখ ইউরো। ২০০৯ সালে রপ্তানির পরিমাণ পাঁচশ ৮০ কোটি পাঁচশ ৮০ কোটি ৮০ লাখ ইউরো।
একই সময়ে ইইউ থেকে বাংলাদেশের আমদানি কমেছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ।
২০০৮ সালের একশ ছয় কোটি ৮০ লাখ ইউরো থেকে ২০০৯ সালে আমদানির পরিমাণ দাঁড়ায় একশ কোটি ৯০ লাখ ইউরোতে।
২০০৯ সালে টি-শার্ট, সোয়েটার, শার্ট ও ট্রাউজার রপ্তানিতে অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে জানানো হয় ইইউ'র সংবাদ সম্মেলনে।
ওই সময়ে ওই খাতগুলোতে বাংলাদেশ প্রায় দুইশ কোটি ইউরো রপ্তানি করে।
ইইউ'র তথ্য অনুযায়ী গার্মেন্ট ও নিটওয়ার সামগ্রি ছাড়াও ইইউ বাজারে জুতা, চামড়াজাত দ্রব্য ও বাইসাইকেল রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে গেছে।
গার্মেন্ট ও নিটওয়ার সামগ্রী রপ্তানিতে চীন, ভারত ও ভিয়েতনাম নেতিবাচক অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন বলেন, "গার্মেন্ট রপ্তানি ও বিদেশ থেকে রেমিটেন্স আসায় বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে। তবে এসব টাকা উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে না। মানুষজন বাড়ি বা গাড়ি কেনায় এসব টাকা ব্যায় করছে।"
বাংলাদেশের রপ্তানি তালিকায় ভিন্নতা আনা উচিৎ," মন্তব্য করে তিনি বলেন, "জাহাজ তৈরি শিল্পতে বাংলাদেশের ভাল সম্ভবনা রয়েছে। পোশাক রপ্তানির পর জাহাজ রপ্তানি বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র হতে পারে।"
পাট, চা, ফার্মাসিউটিকেল্স, সিরামিক দ্রব্য ও সবজি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২০০৮-এর তুলনায় ২০০৯-এ নিচে নেমে গেছে বলে জানান ইইউ বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইইউ ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি ও অর্থনীতি) এনড্রিও বার্নাড উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৫৫ ঘ.
bdnews24