২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি না ধরে 'বাস্তবায়ন' চিহ্নিত করুন: অর্থমন্ত্রী

সরকারি খাতে আর্থিক চুরির পরিমাণ খুঁজে বের করার চেয়ে পরিকল্পনা কতোটুকু বাস্তবায়ন হলো তা চিহ্নিত করায় হিসাব নিরীক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি খাতে আর্থিক চুরির পরিমাণ খুঁজে বের করার চেয়ে পরিকল্পনা কতোটুকু বাস্তবায়ন হলো তা চিহ্নিত করায় হিসাব নিরীক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত। বুধবার মিরপুরে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) নতুন ভবন উদ্বোধনের সময় একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পারফরমেন্স অডিটের ওপর গুরুত্ব আরোপ করে মুহিত বলেন, "এখনো আমরা পারফরমেন্স অডিটিং আনতে পারিনি। অডিটের ক্ষেত্রে শুধু চুির-চামারি দেখাটা বড় নয়, কর্মকৌশল-পরিকল্পনা-বাজেটিংয়ের কতটুকু বাস্তবায়ন তা দেখাই অডিট অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের শেষ ধাপ।" যথাযথ পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নয়, সরকারি ব্যয়ের কার্যকর নিরীক্ষার মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বলেন তিনি। আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দিয়ে ফিমা'র উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, "ফিমাকে হিসাব ও নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে নয়, একে সরকারের আর্থিক ব্যবস্থাপনার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।" অনুষ্ঠানে সরকারি অর্থের সাশ্রয় ও দুর্নীতির বিস্তার রোধে অডিটের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম। অর্থ সচিব মোহাম্মদ তারেক ফিমাকে আন্তর্জাতিক মানের এবং যুগোপযুগী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সরকারি খাতে দক্ষ জনবল তৈরির আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমা মহাপরিচালক আবুল কাশেম। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত অডিট অ্যান্ড একাউন্টস প্রশিক্ষণ একাডেমিতে (আটা) শুধু নিরীক্ষা ও হিসাব ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণ দেওয়া হতো। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার আটা-কে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) রূপান্তর করে। আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে সরকারের বিভিন্ন ক্যাডার কর্মকর্তা ও অন্য বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এ আটা-কে ফিমা করে সরকার। এরই ধারাবাহিকতায় মিরপুরের লালসরাইয়ে ফিমার নিজস্ব ভবন প্রতিষ্ঠিত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৪ ঘ.