২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি সহনীয় রাখতে গ্রামে বেশি বিদ্যুৎ

উর্ধ্বমূখি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে শহরের মানুষকে কষ্ট দিয়ে গ্রামে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উর্ধ্বমূখি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে শহরের মানুষকে কষ্ট দিয়ে গ্রামে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খাদ্য উৎপাদন বাড়ানোই এ উদ্যোগের একমাত্র লক্ষ্য জানিয়ে অর্থমন্ত্রী মঙ্গলবার বলেন, "সরকারের ভর্তুকি কমাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো উচিৎ।" সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বিষয়ক এক মতবিনিময়ে এ কথা বলেন মন্ত্রী। বছর খানেক আগে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। চলতি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম গড়ে ৬ থেকে ৭ শতাংশ বাড়ানো হয়েছে। "বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আমরা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি," উল্লেখ করে মুহিত বলেন, "গ্রামে বিদ্যুৎ না থাকলে চলতি বোরো মৌসুমে সেচ কাজ ব্যাহত হবে। কাক্সিক্ষত ফসল উৎপন্ন হবে না। খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এ সব বিবেচনায় খাদ্য উৎপাদনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।" তিনি বলেন, "খাদ্যখাতে মূল্যস্ফীতি বেশ বেড়ে গেছে। এ মূল্যস্ফীতি সহনীয় রাখতে খাদ্য উৎপাদন বাড়াতে শহর থেকে গ্রামে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাস ভিত্তিক) গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৫৬ শতাংশ। খাদ্য-বহির্ভূত খাতে এ হার ছয় দশমিক ৫৩ শতাংশ। মতবিনিময় সভায় জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অব্যাহত গ্যাস সংকটের মুখে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ইতিবাচক দিক তুলে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রীসহ সভায় উপস্থিত সবাই এলএনজি গ্যাস আমদানির ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। মতবিনিময়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, অর্থসচিব মোহাম্মদ তারেকসহ অর্থ ও জ্বালানি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, "গত দেড় বছরে সাড়ে তিনশ' মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। খুব শিগগিরই আরো তিনশ' মেগাওয়াট যোগ হবে।" গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের অবহেলা ও লুটপাটের কারণেই বিদ্যুৎ খাতের এ করুণ অবস্থা বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশে গড় বিদ্যুৎ চাহিদা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যমান বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো থেকে প্রায় তিন হাজার আটশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, "গ্যাস ও বিদ্যুৎ সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা সমাধানে এলএনজি আমদানির প্রয়োজন আছে। সেইসঙ্গে যতো দ্রুত সম্ভব কয়লানীতি চূড়ান্ত করতে হবে।" অর্থমন্ত্রী বলেন, "বাজেটে গাড়ি আমদানির ওপর শুল্ক বাড়ানোর পরও গাড়ি আমদানি কমেনি," জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "উল্টো বেড়েছে। সিএনজি'র দাম কম হওয়ার কারণেই রাস্তায় গাড়ির বহর কমছে না। "সিএনজি'র দাম অবশ্যই বাড়ানো উচিৎ বলে আমি মনে করি। অন্যদিকে বিদ্যুতের উৎপাদন খরচও অনেক বেশি। বিদ্যুতের দামও বাড়াতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচ/পিডি/২১৩৬ ঘ.