২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস চায় বিজিএমইএ

তৈরি পোশাক শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 12:07 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সরবরাহ নিশ্চিত না হলে বিদ্যুতের বর্ধিত মূল্য আপাতত স্থগিত রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সঙ্গে সাক্ষাৎশেষে এ দাবির কথা সাংবাদিকদের জানান বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান মুর্শেদী। সাক্ষাতের সময় বিজিএমইএ-এর পক্ষ থেকে ২০ দফা দাবি পেশ করা হয়। মুর্শেদী সাংবাদিকদের বলেন, "দেশের বর্তমান ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক শিল্প ভালো অবস্থায় নেই। এই শ্রমঘন শিল্পকে বাঁচাতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবহারের কোনও বিকল্প নেই। এই শিল্পকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থা করতে হবে।" এসময় ডিজেল ও ফার্নেস অয়েলে ভর্তুকি দেওয়ার দাবি জানান তিনি। বিদ্যুতের বর্ধিত মূল্য স্থগিত বিষয়ে মুর্শেদী বলেন, "তৈরি পোশাক শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা না গেলে বিদ্যুতের বর্ধিত মূল্য আপাতত স্থগিত রাখতে হবে। এছাড়া অফ-পিক এবং পিক আওয়ারের জন্য আলাদা আলাদা দর না রেখে ফ্ল্যাট দর রাখতে হবে।" এর পাশাপাশি বিল পরিশোধে ব্যর্থ কারখানাগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করারও দাবি জানান তিনি। বিজিএমইএ সভাপতি জানান, বিদ্যুৎ সংকটের কারণে ক্রেতার চাহিদা মাফিক সময়ে পণ্য পৌঁছাতে জাহাজের পরিবর্তে বিমানে পণ্য রপ্তানি করে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জাহাজে এক কেজি পণ্য রপ্তানি করতে ব্যয় হয় চার সেন্ট, সেখানে বিমানে পাঠাতে খরচ হচ্ছে সাড়ে চার ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/পিডি/১৮০৩ ঘ.