ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
গত ২১ ডিসেম্বর সিসিসিআই'র সাবেক পরিচালক আজফার আলীর আবেদনে চেম্বারের নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। গত ৭ ডিসেম্বর সিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহার আদালত চট্টগ্রাম চেম্বারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
সিসিসিআই'র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, "এই আদেশের ফলে চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ফলাফল ঘোষণায় কোন বাধা নেই।"
অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুুরুল ইসলাম সুজন।
গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে কথিত প্রক্সি ভোট দেওয়ার অভিযোগে পরাজিত পরিচালক পদপ্রার্থী আজফার আলী একটি রিট আবেদন করেন। এতে বিচারক নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন।
নির্বাচনে সরকার দলীয় সাংসদ ও বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদ পরিচালক পদের সবকটিতেই জয়ী হয়। চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ নির্বাচনের দিন সকালে প্রক্সি ভোট দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা না মানার অভিযোগে নির্বাচন বয়কট করে।
৮ ডিসেম্বর পরিচালকমণ্ডলীর প্রথম সভায় মোরশেদ মুরাদ ইব্রাহিমকে সভাপতি, মাহাবুবুল আলমকে সিনিয়র সহ-সভাপতি ও নুরুন নেওয়াজ সেলিমকে সহ-সভাপতি নির্বাচন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24