ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি কেজি ২৪ টাকা দরে ঢাকা মহানগর, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ ও সাভার এলাকায় ট্রাকে করে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে শনিবার।
এছাড়া সরকার জানুয়ারী মাস থেকে সারা দেশে প্রায় ১১ লাখ ২০ হাজার ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার ও মঙ্গলবার ছাড়া সপ্তাহের পাঁচদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে। জনপ্রতি পাঁচ কেজি চাল কিনতে পারবে।
তবে কোনো ট্রাকের চাল বিক্রি শেষ না হলে অতিরিক্ত সময়ও অবস্থান করতে পারবে। প্রতি ট্রাকে প্রতিদিন তিন টন করে চাল বিক্রি করা হবে।
জানুয়ারী মাস থেকে শুরু হওয়া ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে প্রতি কার্ডধারী ২৪ টাকা দরে একবারে ২০ কেজি চাল কিনতে পারবেন।
তথ্যবিবরণীতে আরো বলা হয়, সরকার দেশের প্রায় তিন লাখ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারি ও গ্রাম পুরিশের জন্য রেশনিংয়ের মাধ্যমে চাল বিক্রি করবে।
দরিদ্র পরিবার ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুলভ মূল্যে চাল বিক্রির জন্য সরকার এ কর্মসূচি নিয়েছে।
ওএমএস ও ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রমে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য এলাকা ভাগ করে মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।
এ কার্যক্রম নিবিড় পরিবীক্ষণের জন্য খাদ্য অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24