২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আবারো পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৈষম্য কমানো এবং মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে বুধবার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

গাজীপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৈষম্য কমানো এবং মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে বুধবার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পুলিশ জানিয়েছে, দাবি আদায়ে সদর উপজেলার তারগাছ এলাকার মুনলাইট পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তবে কারখানাটি বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। একই দাবিতে মঙ্গলবার দুপুরে তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা প্রায় ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বুধবার কারখানা ছুটি ঘোষণা করে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন মজুরি কাঠামোয় নতুন ও পুরাতন শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার এবং অতিরিক্ত কাজের মজুরি বাড়ানোর দাবিতে মুনলাইট পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সকাল ৮টা থেকে কারখানা চত্বরে বিক্ষোভ শুরু করে। তিনি বলেন, "বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। "এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। এরপর বেলা ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহসড়কে যানবাহন চলাচল শুরু হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৭ ঘ.