চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার লতিফ বাওয়ানী জুট মিলে অগ্নিকাণ্ডের দুই সপ্তাহের মাথায় চট্টগ্রামের একটি পাটকলে আগুনে পুড়েছে পাট ও পাটজাত দ্রব্য।
বন্দরনগরীর পাহাড়তলী থানার একে খান জুট মিলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে পাটকলেও কাঁচামাল, উৎপন্ন পাটজাত দ্রব্য ও যন্ত্রাংশ পুড়ে গেছে।
বেসরকারি ওই কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা বলে জানান তিনি।
কারখানায় মেশিন চালু করার সময় বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফরিদ জানান।
তিনি বলেন, কারখানার মূল ফটক খোলা থাকায় ভেতরে অবস্থান করা প্রায় ৫০ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে।
রাষ্ট্রায়াত্ত লতিফ বাওয়ানী জুট মিলে অগ্নিকাণ্ডের সঙ্গে কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এজন্য কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24