সাভার, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা ইপিজেডে আগুনে পুড়েছে সোয়ান ফোম কারখানা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দমকলকর্মীসহ অন্তত ৯ জন।
মঙ্গলবার ভোররাতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরনো জোনের ওই কারখানায় আগুন লাগে বলে দমকল বাহিনী জানিয়েছে।
দমকল বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনের ছাউনী দেওয়া বিশাল ওই একতলা ভবনের পুরোটাই ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের দাবি।
ঢাকা ইপিজেড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় রাতের পালায় কাজ করছিলেন ১৮ শ্রমিক। ভেতরে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়।"
আগুন নেভাতে গিয়ে আক্তারুজ্জামান নিজেও আহত হয়েছেন। আহত হন আরো আট জন।
আহতদের মধ্যে দমকল বাহিনীর কালিয়াকৈর স্টেশনের ফায়ারম্যান আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাভার স্টেশনের ফায়ারম্যান আলী হোসেন, কারখানার বিদ্যুত মিস্ত্রি সিরাজুল ইসলাম, শ্রমিক মতিন আবদুল্লাহ, ফরহাদ হোসেন, রাশেদ মিয়া ও চান মিয়াকে বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দমকল কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, তদন্তের পরই তা জানানো যাবে।
ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক হিসেবে ৪৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর পরিমাণ বাড়তে পারে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এক সপ্তাহ আগে ইপিজেডের অদূরে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্র"পের কারখানায় আগুন লাগে। সেখানে অন্তত ৩১ জন শ্রমিক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24