২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো নির্ধারণ হচ্ছে ভোজ্যতেলের দাম

ভোজ্যতেলের নির্ধারিত দাম পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে দাম আবার নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেলের নির্ধারিত দাম পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে দাম আবার নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বাণিজ্য সচিব গোলাম হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, "আমদানিকারক ও পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে বসে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণ দেখিয়ে তেলের দাম আবারো নির্ধারণ করা হচ্ছে।" সয়াবিন তেলের দাম পুনরায় নির্ধারণ করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, "দাম পূনর্র্নিধারণের ব্যাপারে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কিন্তু দাম পুনর্র্নিধারণের ফর্মুলা কি হবে তা ঠিক করতে পারেনি কমিটি।" দাম পুনরায় নির্ধারণে আগামী বুধবার সভা হবে বলে জানান তিনি। গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়। ওই দাম অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের জন্য প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা এবং দেশের অন্যান্য জায়গার জন্য ৮৬ টাকা নির্ধারণ হয়। মিলগেটে চট্টগ্রামের জন্য এ মূল্য ধরা হয় ৮১ টাকা এবং ঢাকার জন্য ৮৩ টাকা। বোতলজাত তেলের ক্ষেত্রে মিলগেটের চেয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বেশি হবে বলে ওই সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু খুচরা বাজারগুলোতে এর চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের দায়ী করে সচিব বলেন, "বোতলজাত তেলের ক্ষেত্রে তারা মেনেছেন। কিন্তু খোলা তেলের ক্ষেত্রে আংশিক মেনেছেন।" ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮৮ থেকে ৯২ টাকায় এবং বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৬ টাকায়। মূল্য নির্ধারণের পরও দাম কমলো না কেন জানতে চাওয়া হলে গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, "একটা সিস্টেমে আনা অত সোজা কাজ না। আন্তর্জাতিক তেলের বাজার খুব অস্থির। সেখানে দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, তাদের বেশি দামে কেনা পড়ছে।" গত ৫ ডিসেম্বর সভা শেষে বাণিজ্য মন্ত্রী ফারুক খান জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করে। তাই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের একটি কামিটি গঠন করা হয়েছে। একমাস পর পর এ কমিটি বসে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে। তবে প্রথম বৈঠকটি হবে ১৫ দিন পর। সোমবার এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/২০৫৩ ঘ.